শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
প্রায় সাত মাস কারাবন্দী থাকার পর প্রখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি জামিনে মুক্তি পেয়েছেন।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) তেহরানের আলোচিত এভিন কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন তিনি।
জাফর পানাহির মুক্তির বিষয়টি নিশ্চিত করে টুইট করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান (সিএইচআরআই)। পরে জাফর পানাহির স্ত্রী তাহেরেহ সায়েদি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে জাফর পানাহিকে কারাগারের বাইরে ভক্তদের আলিঙ্গন করতে ও গাড়ি চালাতে দেখা যায়।
গত বছরের জুলাইয়ে ইরানে দুই জন চলচ্চিত্র নির্মাতাকে আটকের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন ৬২ বছর বয়সী জাফর পানাহি। পরে তাদের মুক্তির বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে তিনি নিজেও গ্রেপ্তার হন।
ইরানি সিনেমা অঙ্গনে তারকা পরিচালক জাফর পানাহি। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনেক পুরস্কার জিতেছেন তিনি। বর্তমানে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনেও পরিচিত নাম জাফর পানাহি। তিনি ‘দ্য হোয়াইট বেলুন’, ‘অফসাইড’, ‘দ্য মিরর’, ‘দ্য সারকেল’সহ বিভিন্ন সিনেমা বানিয়ে প্রশংসা কুড়ান ও আন্তর্জাতিক পুরস্কার পান।