শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

বেলজিয়ামের রানি ঢাকায় আসছেন আজ

তিন দিনের সফরে সোমবার (৬ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে। জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন অ্যাডভোকেটের একজন হিসেবে তার এই বাংলাদেশ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন রানি মাথিল্ডে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, বেলজিয়ামের রানি মাথিল্ডে জাতিসংঘ মহাসচিবের এসডিজি অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন অ্যাডভোকেটের একজন হিসেবে ৬-৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা আশা করছি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ঢাকা সফরের সময় ঢাকায় আর্জেন্টাইন দূতাবাস খোলার বিষয়ে ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, বেলজিয়ামের রানি রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হবে।

বাংলাদেশ সফরে রানি মাথিল্ডে একটি গার্মেন্টস কারখানা পরিদর্শন করবেন। তিনি ওই কারখানার কর্মীদের সঙ্গে কথা বলে তাদের অবস্থান সম্পর্কে জানবেন। এছাড়া নারায়ণগঞ্জে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনিসেফের পরিচালিত একটি স্কুল পরিদর্শন করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন রানি মাথিল্ডে, সেখানে তিনি নারী রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে আলাপ করবেন। এছাড়া তিনি খুলনায় যাবেন। সেখানে ইউএনডিপির ওয়াটার সেক্টরের একটি প্রজেক্ট পরিদর্শন করে এর সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন। মাথিল্ডে তাদের কাছে জানতে চাইবেন কীভাবে ওই প্রকল্প থেকে তারা সুবিধা পাচ্ছেন।

জাতিসংঘ মহাসচিবের ১৭ জন এসডিজি অ্যাডভোকেট আছেন, তাদেরই একজন বেলজিয়ামের রানি মাথিল্ডে। এ ছাড়াও রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, শান্তিতে নোবেলজয়ী ভারতের কৈলাশ সত্যার্থী ও বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। যারা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বা অনু‌প্রেরণা যোগা‌তে তাদের ভূমিকা রয়েছে। সে কারণে রানি বাংলাদেশে আসছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com