নগরকণ্ঠ ডেস্ক
- সোমবার ৬ ফেব্রুয়ারি, ২০২৩ /
নারায়ণগঞ্জ শহরে বাগবিতণ্ডার জেরে একটি রেস্তোরাঁর ম্যানেজারকে গুলি করার অভিযোগ উঠেছে ভবন মালিকের বিরুদ্ধে। রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের চাষাঢ়া বাগে জান্নাত এলাকার আঙ্গুরা শপিং কমপ্লেক্সের সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ কাজলকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ধস্তাধস্তিতে অভিযুক্ত আজহার তালুকদার ও তাঁর মেয়ে আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার রাতে নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে ভবন মালিক আজহার ও রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ওই ব্যবস্থাপককে গুলি করেন আজহার।
জানা গেছে, ভবনের পানির লাইন নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল। এ নিয়ে সংঘাতের সূত্রপাত।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আজহারকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর অস্ত্রের লাইসেন্স আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান জানান, পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে বিস্তারিত জানানো হবে।