শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
পথচারীদের সড়ক পারাপারে সচেতনতা তৈরি করতে রাস্তায় নেমেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামটর এলাকায় নিসচা ও রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় তারা হ্যান্ডমাইকে পথচারী ও চালকদের ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ ও নির্দেশনা দেন। সড়কের বিভিন্ন নিয়মকানুন তুলে ধরেন। পাশাপাশি নারীদের প্রতি সম্মান ও শালীন আচরণ, প্রতিবন্ধী, শিশু, নারী ও বয়স্কদের যাতায়াত নিরাপদ ও ঝুঁকিমুক্ত, নারী যাত্রী ওঠানামার সময় হেলপার বা অন্য কেউ গাড়ির দরজায় অবস্থান না করাসহ বিভিন্ন আহ্বান জানান।
সচেতনতা কর্মসূচি চলাকালে এক অভিভাবক স্কুলগামী শিশুকে নিয়ে ফুট ওভারব্রিজ ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে গেলে ইলিয়াস কাঞ্চন তাদের পথ রোধ করেন। অভিভাবকের উদ্দেশে তিনি বলেন, ‘সন্তানের নিরাপত্তার চেয়ে সময়ের গুরুত্ব বেশি নয়’। স্কুলগামী শিশুকে মাথায় হাত রেখে তিনি বলেন, ‘বাবা-মা ভুল করতে পারে, কিন্ত তোমরা ভুল করলে চলবে না। শিশুরাই আগামীর বাংলাদেশ, তোমরা ভুল করলে বাংলাদেশ পিছিয়ে যাবে’।
এ সময় পথচারী ও মোটরসাইকেল চালকদের সাথে বাগবিতণ্ডায় জড়াতে দেখা যায় ইলিয়াস কাঞ্চনকে। পথচারীরা ওভারব্রিজ ও ক্রসিং ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে গেলে তিনি তাদের মাঝ রাস্তায় ফিরিয়ে দিয়ে ক্রসিং ব্যবহার করতে বাধ্য করেন। একইভাবে মোটরসাইকেল চালকরা আইন অমান্য করে ভুলপথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি গতিরোধ করে ফিরিয়ে দেন।
ইলিয়াস কাঞ্চন দেশ রূপান্তরকে বলেন, ‘কেবল আইন করে সড়কে শৃঙ্খলা আনা যাবে না। পথচারী ও চালকদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। শিক্ষিত সমাজের মানুষরাও ট্রাফিক আইন অমান্য করে রাস্তা পারাপার হচ্ছে, গাড়ি চালাচ্ছে। এভাবে চলতে থাকলে পুলিশের পক্ষে একা সড়কে শৃঙ্খলা নিয়ে আসা সম্ভব হবে না। সচেতনতা তৈরি করতে স্কুল-কলেজের পাঠ্যবইয়ে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে বেশি করে লেখা অন্তর্ভুক্ত করতে হবে।’