নগরকণ্ঠ ডেস্ক
- বুধবার ৮ ফেব্রুয়ারি, ২০২৩ /
টাঙ্গাইলের আলোচিত সিদ্দিকী পরিবারের গুরুত্ব বাড়ছে রাজনীতিতে। এই পরিবারের সদস্যদের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব কমে এসেছে। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে তাদের কাছে টানছে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়। আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা কালের কণ্ঠকে এমন তথ্য জানিয়েছেন।
একাধিক নেতা কালের কণ্ঠকে জানান, আগামী নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের মধ্যে অন্তত দুটি সিদ্দিকী পরিবারের সদস্যদের ছেড়ে দেওয়া হতে পারে। নির্বাচনে দলের পুরনো ও ত্যাগী নেতাদের কাজে লাগাতে চায় আওয়ামী লীগ। এ কারণে বিভিন্ন অভিযোগে দল থেকে বহিষ্কৃত ও অব্যাহতিপ্রাপ্তদের দলে ফেরানোর নীতি নেওয়া হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায় এটাকে নির্বাচনের আগে ‘উদারনীতি’ বলে আখ্যা দিচ্ছে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামে সিদ্দিকী পরিবারের পৈতৃক নিবাস। এই পরিবারের সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার স্নেহধন্য ছিলেন। পরিবারের সদস্য, বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকী মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। আরেক ভাই আবদুল কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদান রাখায় বীর-উত্তম খেতাব পান। তিনি ১৯৯৯ সাল পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন। আরেক ভাই মুরাদ সিদ্দিকী টাঙ্গাইলের রাজনীতিতে প্রভাবশালী নেতা ছিলেন।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রতিবাদে অস্ত্র হাতে তুলে নেন সিদ্দিকী পরিবারের সদস্যরা। পরে তাঁরা ভারতে আশ্রয় নেন। দেশে ফিরলে কারাবন্দি হন লতিফ সিদ্দিকী। সাত বছর জেল খাটেন। আওয়ামী লীগের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সিদ্দিকী পরিবারের সদস্যরা পরে একে একে আওয়ামী লীগ থেকে ছিটকে পড়েন।
১৯৯৯ সালে আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়ে কৃষক শ্রমিক জনতা লীগ গড়েন কাদের সিদ্দিকী। তাঁর সঙ্গে যান ছোট ভাই মুরাদ সিদ্দিকীও। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে একটি মন্তব্যের জেরে দল থেকে বাদ পড়েন লতিফ সিদ্দিকী। তাঁকে হারাতে হয় মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদও।