নগরকণ্ঠ ডেস্ক
- সোমবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ /
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী আবারও আকাশ থেকে রহস্যময় একটি বস্তু ভূপাতিত করেছে। রবিবার স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মন্টানার হ্রদ এলাকা লেক হুরনর কাছে ক্ষেপণাস্ত্র ছুড়ে বস্তুটি নামায় মার্কিন বিমান বাহিনী।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তর পেন্টাগন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বস্তুটি ছিল অষ্টভূজাকৃতির এবং সেটি আকাশের ২০ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। মন্টানার লেক হুরন হ্রদটি যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।
পেন্টাগনের বিবৃতিতে আরো বলা হয়, ‘বেসামরিক ও বাণিজ্যিক বিমান চলাচল নিরাপদ রাখতেই বস্তুটিকে ভূপাতিত করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন নিজে বস্তুটি নামানোর নির্দেশ দিয়েছিলেন।
গত দুই সপ্তাহে এই নিয়ে চতুর্থবারের বারের মতো নিজেদের আকাশ থেকে বিদেশি উড়ন্ত বস্তু নামাল মার্কিন সামরিক বাহিনী। প্রথম যে বস্তুটি নামানো হয়েছিল, সেটি ছিল চারটি বাসের আকৃতির সমান একটি চীনা বেলুন। যুদ্ধ বিমান এফ-১৬ ফাইটার জেট থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে আটলান্টিক সাগরে ভূপাতিত করা হয়েছিল বেলুনটি। পেন্টাগনের রবিবারের বিবৃতিতে বলা হয়, লেক হুরন এলাকায় নামানো উড়ন্ত বস্তুটির ক্ষেত্রেও একই কৌশল অনুসরণ করা হয়েছে।
সূত্র : বিবিসি