শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

যেকোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকব: শি জিনপিং

যেকোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সাথে আন্তর্জাতিক স্তরে ইরানের বিরুদ্ধে এক তরফা ব্যবস্থায় চীন সমর্থন করে না বলেও জানান তিনি। বেইজিং সফররত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাতে এসব কথা বলেন জিনপিং।

দ্বিপাক্ষিক বৈঠকে জোর দেন কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের দিকে। এদিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের নানা নিষেধাজ্ঞাকে একতরফা এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দেন দুই নেতা। চাপ মোকাবেলায় একসাথে কাজ চালিয়ে যাবার প্রত্যাশা জানান তারা।

জিনপিং বলেন, বিশ্ব, সময় ও ইতিহাস বদলে যাওয়ার জটিল পরিস্থিতিতে ইরান-চীন একে অপরকে সাহায্য করছে। একাত্মতা ও সহযোগিতায় একসঙ্গে কাজ করে যাচ্ছে।

বেইজিংয়ে বৈঠকে দুই নেতার উপস্থিতিতে এসময় সই হয় ২০টি সহযোগিতা ও সমঝোতা স্মারক। বৈশ্বিক অনিশ্চয়তায় ইরানের পারমাণবিক সমস্যার যথাযথ সমাধানেরও আহ্বান জানান জিনপিং। তিনি বলেন, ইরানের পরমাণু চুক্তি বাস্তবায়নে আলোচনা আবারও শুরুর চেষ্টা চালিয়ে যাবে চীন।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি বলেন, ইরান-চীনের এই মিত্রতা আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা আরও নিশ্চিত করবে। আন্তর্জাতিক পরিস্থিতি যাই হোক না কেনো, বেইজিং-তেহরানের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে না।

সম্প্রতি পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় চীন ও রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের দিকে মনোযোগ দিয়েছে রইসি প্রশাসন। এর অংশ হিসেবেই তার এই সফর বলে মনে করা হচ্ছে। গত ২০ বছরে চীনে ইরানের প্রেসিডেন্টের প্রথম রাষ্ট্রীয় সফর এটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com