বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আজ ঢাকা মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি ও এর সমমনা রাজনৈতিক দলগুলো। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পৃথকভাবে দুপুর ২টায় এ কর্মসূচি শুরু হবে। কাল সারাদেশে প্রতিটি মহানগরে একই কর্মসূচি রয়েছে।
বিএনপি নেতারা জানান, এ কর্মসূচি উপলক্ষে কেন্দ্র থেকে দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে টিম গঠন করে দেওয়া হয়েছে। পদযাত্রা কর্মসূচি সফল করতে এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। এলাকায় এলাকায় ছুটছেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতারা যাচ্ছেন বিভাগীয় শহরগুলোতে। নেতাকর্মীকে সংগঠিত করার পাশাপাশি চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছেন তাঁরা। এর ফলে এবারের কর্মসূচি আরও বেশি সফল হবে।
আগামীকাল চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও ফরিদপুর মহানগরে বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সহসাংগঠনিক সম্পাদকরা নিজ নিজ বিভাগের মহানগর পদযাত্রার কর্মসূচির সার্বিক সমন্বয় করছেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দুপুর আড়াইটায় উত্তরার জসিম উদ্দীন সড়কের মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ পদযাত্রার নেতৃত্ব দেবেন।
ঢাকা মহানগর দক্ষিণে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব থেকে দুপুর আড়াইটায় শুরু হয়ে অভিরুচি সিনেমা হলের সামনে দিয়ে নয়াবাজার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদযাত্রার নেতৃত্ব দেবেন।
ঢাকা ও এর বাইরের প্রতিটি কর্মসূচি সফল করতে ওয়ার্ড, ইউনিয়ন, থানা থেকে প্রতিটি স্তরে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে বলে দলের নেতারা জানান। ঘরোয়া বৈঠক, উঠান বৈঠক, পাড়ায়-মহল্লায় কর্মিসভা, মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে কাজ করছেন দলের নেতাকর্মীরা।
অন্যান্য জোট ও দলও যুগপৎ কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণ করছে। এর মধ্যে এবারই প্রথম সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলো পৃথকভাবে কর্মসূচি পালন করবে। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির উদ্যোগে আজ বিকেলে দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সকাল থেকে দিনব্যাপী ঢাকা মহানগরে রোড মার্চ কর্মসূচি পালন করবে নাগরিক ঐক্য।
বিকেলে রাজধানীর এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি পদযাত্রা শুরু করবে এবং মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে।
বিকেলে গণপদযাত্রা করবে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। একইভাবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে পল্টন আল রাজী কমপ্লেক্স থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব হয়ে কাকরাইলে গিয়ে শেষ হবে। ১৫ সংগঠনের সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের উদ্যোগে পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত কর্মসূচি পালন করবে। এ ছাড়া ১২ দলীয় জোট ও চারদলীয় জোট গণতান্ত্রিক বাম ঐক্য কাল একইভাবে কর্মসূচি পালন করবে