বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মানিকগঞ্জের সিঙ্গাইরে ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ স্মৃতি জাদুঘর ও পৈতৃক বাড়িতে হাজারো মানুষের ঢল নেমেছিল। এ গ্রামে একুশ আসে শোক আর অহংকারের আমেজে। ভোরের আলো ফুঠার আগেই জেগে উঠে গ্রামের শিশু-কিশোর আবাল বৃদ্ধবনিতা। ভোরের শিশির-ভেজা মেঠোপথ পেরিয়ে বাধভাঙ্গা জোয়ারের মতো হাতে ফুল নিয়ে আসতে থাকে মানুষ।
এদিন সকালে শহীদ রফিকের পারিবারিক শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন করে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, সিঙ্গাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিপন দেবনাথ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু, শহীদ রফিকের ছোট ভাই খোরশেদ আলম, স্থানীয় বলধারা ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খাঁনসহ মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, শিশু-কিশোর বৃদ্ধবনিতা ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের বিশিষ্ঠ ব্যক্তিবগ। ফুলেফুলে ভরে যায় শহীদ বেদী। সবার কন্ঠে ছিল একুশের গান আর হাতে ফুল।
এদিকে শহীদ রফিক স্মৃতি জাদুঘর সংলগ্ন মাঠে আয়োজন করা হয়েছে তিনদিন ব্যাপী গ্রাম্য মেলার। সেখানে চলছে নাচ-গান, কবিতা আবৃত্তি, চিত্রাষ্কন প্রতিযোগিতা ও স্মৃতিচারণমুলক আলোচনাসভা।
এছাড়া এদিন উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।