খালেদা জিয়ার রাজনীতি করা নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বক্তব্যকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। বিশেষ করে এই সময়ে বিষয়টির প্রতি আইনমন্ত্রীর বক্তব্যের উদ্দেশ্য নিয়ে দলটির নেতাদের মনে প্রশ্ন জেগেছে। এর মাধ্যমে সরকার কোনো কৌশল নিয়ে এগোচ্ছে বলেও মনে করছেন দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য।
গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা বসে। ভার্চুয়াল ওই বৈঠকের শুরুতে অনির্ধারিত বিষয় হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করা, না করা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য আলোচনায় স্থান পায়।
বৈঠক সূত্র জানায়, স্থায়ী কমিটির দুজন সদস্য তাঁদের বক্তব্যে বলেছেন, সরকার কী কারণে বিষয়টি সামনে এনেছে, তা পরিষ্কার নয়। এর আগে একাধিকবার সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলেও পরিষ্কার কোনো জবাব দেননি আইনমন্ত্রী। এবার তিনি হাসিমুখে যেভাবে খোলামেলা কথা বলেছেন, তাতে সন্দেহ হওয়াই স্বাভাবিক।
দলীয় সূত্র জানায়, বৈঠকে দুই নেতা বলেছেন, এ বিষয়ে বিএনপির কোনো প্রতিক্রিয়া দেখানো উচিত হবে না। তাঁদের যুক্তি, কী কারণে সরকার বিষয়টি সামনে এনেছে, কিছুদিনের মধ্যে তা অবশ্যই স্পষ্ট হবে। তত দিন পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করাই ভালো।