শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ে হলো গত ৭ ফেব্রুয়ারি। জয়সালমেরের সূর্যগড় প্রাসাদে তারকা জুটির বিয়ের সাক্ষী ছিলেন মূলত তাদের পরিবারের সদস্যরাই। নবদম্পতির ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। তাদের সুখী দাম্পত্য জীবনের কামনাতেও ভরে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো। কিন্তু কিয়ারার সঙ্গে বিয়ে নাও হতে পারত সিদ্ধার্থের! অভিনেতার দীর্ঘ প্রেমিকাদের তালিকার হিসাব অন্তত তেমনটাই বলছে।
বিয়ের আগে হাফ ডজন নারীর সঙ্গে প্রেম করেছেন সিদ্ধার্থ। বলিপাড়ায় সিদ্ধার্থ পরিচিত বেশ চুপচাপ ও লাজুক হিসাবেই। পার্টিতেও তাকে সবসময় দেখা যায় না।
ব্যক্তিগত জীবন নিয়ে সিদ্ধার্থ সবসময়ই খুব চাপা। অতীতে প্রেম নিয়ে কেউ কিছু জিজ্ঞাসা করলে তা সহাস্যে এড়িয়ে যেতেই দেখা গেছে। সেই সিদ্ধার্থই নাকি বিয়ের আগে ছয়টি প্রেম করেছেন!
সিদ্ধার্থের প্রেমিকাদের সবাই ডাকসাইটে সুন্দরীর তালিকায় রয়েছেন। এই তালিকায় প্রথমেই যার নাম আসে, তিনি রণবীর কাপুরের স্ত্রী আলিয়া ভাট্ট। সিদ্ধার্থ ও আলিয়া দুজনেই করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। ছবি মুক্তির পরই বলিউডে গুঞ্জন ওঠে, আলিয়ার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন সিদ্ধার্থ। মহেশ ভাট্ট-কন্যাও প্রেমে মজেছেন বলে শোনা যায়।
এরপর থেকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও যেতে শুরু করে আলিয়া-সিদ্ধার্থকে। প্রকাশ্যে একে অপরের সঙ্গে প্রেম করার কথা গুজব বলে উড়িয়ে দিলেও দুজনেই নাকি ঘনিষ্ঠ মহলে এ কথা স্বীকার করেছিলেন। তবে তাদের প্রেমের রসায়ন জমেনি। ২০১৭ সালে ছেদ পড়ে তাদের সম্পর্কে।