বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
কাতারের উদ্যোক্তাদের বাংলাদেশে জ্বালানি, অবকাঠামো, পর্যটন, কৃষি প্রক্রিয়াজাত শিল্পসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (০৬ মার্চ) দোহার সেন্ট রেজিস হোটেলে কাতারের ব্যবসায়ীদের সঙ্গে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশের বিভিন্ন সেক্টরের দিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছি। আমরা আমাদের অবকাঠামো এবং লজিস্টিক খাত বিনিয়োগের জন্য উন্মুক্ত রেখেছি।
জ্বালানি খাতে বিনিয়োগ আহ্বান করে তিনি বলেন, আমাদের বিশ্বাস নবায়নযোগ্য জ্বালানিসহ জ্বালানি খাতে কাতারের বিনিয়োগের সুযোগ আছে। আমরা সমুদ্র গ্যাস অনুসন্ধান এবং জ্বালানি বিতরণে কাতারের দক্ষতা থেকে লাভবান হতে পারি।
বাংলাদেশে এগ্রো-প্রসেসিং শিল্পের সম্ভবনার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমাদের কৃষি প্রবৃদ্ধি ‘বাই-ব্যাক’ ব্যবস্থাসহ এগ্রো-প্রসেসিং শিল্পে সহযোগিতার সুযোগ তৈরি করেছে।
বিকাশমান পর্যটন খাতের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা তিনটি বিশেষ পর্যটন অঞ্চল প্রতিষ্ঠা করছি, যেখানে কাতার রিয়েল এস্টেট এবং সেবা সেক্টরে সম্পৃক্ত হতে পারে।
‘স্মার্ট বাংলাদেশে’ আমরা অন্তত দশটি ‘ইউনিকর্ন’ (মেগা বিনিয়োগ ও উদ্যোগ) পেতে চাই। আমাদের প্রাণবন্ত ‘স্টার্ট আপ’ কাতারের বিনিয়োগের জন্য প্রস্তুত। কাতারের বিনিয়োগকারীরা বাংলাদেশকে বিনিয়োগের পোর্টফোলিও হিসেবে বিবেচনা করতে পারে।