রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন কেউই শঙ্কামুক্ত নয় : ডা. সামন্ত লাল

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে আহতদের মধ্যে ১০ জন ভর্তি রয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তারা কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

সামন্ত লাল সেন বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে ১০ জন রোগী ভর্তি রয়েছেন। সবার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি শরীরে অন্যান্য আঘাতও আছে। এর মধ্যে দুজন লাইফ সাপোর্টে, একজন আইসিইউতে ও সাতজন এইচডিইউতে রয়েছেন। তাদের কেউ শঙ্কামুক্ত নন।’

গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের সাততলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ১৮ জন মারা গেছেন।

বিস্ফোরণের ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে। সেনাবাহিনী, রাজউক ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে এ কমিটি করা হয়েছে। কমিটি পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এদিকে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে চার সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com