নগরকণ্ঠ ডেস্ক
- শনিবার ১৮ মার্চ, ২০২৩ /
শ্রমিকদের অধিকার হরণে ‘ঢাকা লজিস্টিক অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ডিএলএসএস)’ নামে এক প্রতিষ্ঠানের সঙ্গে ২০২১ সালে ১৩ কোটি ৮০ লাখ টাকার চুক্তি করা হয়। ড. ইউনূসের সভাপতিত্বে গ্রামীণ টেলিকমের বোর্ড সভায় বিস্তারিত আলোচনা শেষে ড. ইউনূসের অনুমোদনেই এই চুক্তি করে গ্রামীণ টেলিকম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রামীণ টেলিকমের সেই বোর্ড সভায় ড. ইউনূসের উপস্থিতিতে ঢাকা লজিস্টিকস অ্যান্ড সার্ভিসেস লিমিটেড একটি বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করে। সেই বোর্ড সভার কার্যবিবরণী, ভার্চুয়ালি অনুষ্ঠিত সভার অডিও রেকর্ড (ড. ইউনূসের বক্তব্যসহ), গ্রামীণ টেলিকমের কাছে ডিএলএসএস প্রেরিত ই-মেইল এবং বোর্ড সভায় উপস্থাপিত ডিএলএসএস-এর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখে এসব তথ্য জানা যায়।
ডিএলএসএস তাদের লিখিত প্রতিবেদনে উল্লেখ করে যে ড. ইউনূস পরিচালিত গ্রামীণ টেলিকম ইতিপূর্বে শ্রম আদালতের একজন চেয়ারম্যানকে ‘ঘুষ’ প্রদান করে আসছিল। অডিওতে শোনা যায়, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূস বোর্ড সভায় এই বিষয়ে সিদ্ধান্তের সময় ডিএলএসএস-এর সঙ্গে চুক্তি সম্পর্কিত বিস্তারিত আলোচনা (ঘুষের তথ্য) অন্তর্ভুক্ত না করে শুধু ডিএলএসএস-এর সঙ্গে চুক্তি অনুমোদনের সিদ্ধান্তটুকু কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন।
জানা যায়, গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীরা ২০১৭ সাল থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর বিধান মোতাবেক কম্পানির নিট মুনাফার ৫ শতাংশ অর্থ অংশগ্রহণ তহবিল এবং কল্যাণ তহবিল বাবদ তাদের প্রাপ্য অংশ দাবি করে আসছিল। একই দাবিতে কম্পানির ১০৭ জন শ্রমিক-কর্মচারীর পক্ষে ঢাকার তৃতীয় শ্রম আদালতে ১০৭টি মামলা হয়। এর পাল্টা গ্রামীণ টেলিকম মামলাগুলো ‘মেনটেইনেবল’ নয় মর্মে হাইকোর্টে শতাধিক রিট পিটিশন দায়ের করে। পিটিশনগুলো হাইকোর্টে বিচারাধীন থাকা অবস্থায় ড. ইউনূস ২০২০ সালের ২৫ অক্টোবর এক নোটিশে মামলার পক্ষভুক্ত সব শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই করেন। হাইকোর্ট এই ছাঁটাই আদেশকে স্থগিত করে ছাঁটাইকৃত শ্রমিক-কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের আদেশ প্রদান করেন। এরপরই গ্রামীণ টেলিকম ‘ঢাকা লজিস্টিকস অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে (ডিএলএসএস) দিয়ে শ্রম আদালতের মামলাসমূহের রায় নিজেদের পক্ষে নেওয়ার উদ্যোগ নেয়। তারা রিট পিটিশনগুলো প্রত্যাহার করে শ্রম আদালতে মামলাগুলো শুনানিরও ব্যবস্থা করে।
জানা যায়, ২০২১ সালের ১৪ জুলাই ড. ইউনূসের সভাপতিত্বে গ্রামীণ টেলিকমের ১০৪তম বোর্ড সভায় ভূতাপেক্ষ অনুমোদনের মাধ্যমে ২০২১ সালের ২৫ মে থেকে দালাল প্রতিষ্ঠান ডিএলএসএসকে নিযুক্ত করে। গ্রামীণ টেলিকমের কাছে ডিএলএসএস উপস্থাপিত নথিপত্রে দেখা যায়, ডিএলএসএস সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রভাবিত করার প্রস্তাব দিয়েছিল। ১৪ জুলাইয়ের ওই বোর্ড সভায় ড. ইউনূসসহ গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক ও সংশ্লিষ্ট কয়েকজন ডিএলএসএস-এর প্রস্তাবের পক্ষে মত দেন।