নগরকণ্ঠ ডেস্ক
- মঙ্গলবার ২১ মার্চ, ২০২৩ /
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ দাবি করেছে বিএনপি। পদ্মা সেতুর শিবচর প্রান্তে বাস দুর্ঘটনার জন্য সরকারের সড়ক বিভাগকে দায়ি করে সেতুমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও মনে করে দলটি।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি তোলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মির্জা ফখরুল বলেন, গতকাল (সোমবার) রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় অনুষ্ঠিত হয়। সভা মনে করে, ফিটনেস সার্টিফিকেট না থাকা ও রুট পারমিট বাতিল হওয়ার পরেও মহাসড়কে যাত্রী পরিবহন করায় ১৯ মার্চ পদ্মা সেতুর শিবচর প্রান্তে ভয়াবহ দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। আমরা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করি। তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।
তিনি বলেন, সভা মনে করে- এই দুর্ঘটনার জন্য সরকারের সড়ক বিভাগ সম্পূর্ণ দায়ী। এই মর্মান্তিক দুর্ঘটনার সব দায় নিয়ে সেতুমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।
মির্জা ফখরুল জানান, সভায় হজের প্যাকেজ ধর্মপ্রাণ সাধারণ মুসলমানদের নাগালের বাইরে হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। ভারত ও পাকিস্তানে এই অর্থের পরিমাণ প্রায় অর্ধেকের মতো। হজ প্যাকেজের অর্থের পরিমাণ কমিয়ে সাধারণ নাগরিকদের আর্থিক সক্ষমতার মধ্যে নিয়ে আসার আহ্বান জানানো হয়।