বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
ফার্ম থেকে ১৯০-১৯৫ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি করা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।
মহাপরিচালক বলেন, রোজায় বাজারে ব্রয়লার মুরগির দামে ৩০-৪০ টাকার একটা প্রভাব পড়বে। আশা করছি ভোক্তা পর্যায়ে কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম কমবে ৩০-৪০ টাকা।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত জাতীয় ভোক্তা অধিকারের কনফারেন্স কক্ষে তিনি এ কথা বলেন। এদিন ব্রয়লার মুরগির দাম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে জাতীয় ভোক্তা অধিকার।
ভোক্তা মহাপরিচালক বলেন, কাজী ফার্ম, সিপি, প্যারাগন ও আফতাব ফার্মের সঙ্গে আমরা কথা বলেছি। কোম্পানিগুলো আজ পর্যন্ত প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৩০ টাকা করে মিলগেটে বিক্রি করেছে। তারা আজ বৈঠকে আমাদের জানিয়েছেন- আগামীকাল থেকে ১৯০-১৯৫ টাকায় বিক্রি করবে। আশা করছি ভোক্তা পর্যায়ে এখন দাম ৩০-৪০ টাকা কমবে।
তিনি বলেন, আজ ভোর রাতে গোয়েন্দা সংস্থা ও ভোক্তার কর্মকর্তারা আমাকে জানিয়েছেন- সারা দেশে পাইকারিতে ২২০-২৩০ টাকায় ব্রয়লার বিক্রি হচ্ছে। সেটা হাত বদল হয়ে ২৬০ টাকা হচ্ছে খুচরায়। প্রতিটি ভোক্তা এখন মুরগির দাম নিয়ে সাফার করছে। আশা করছি এই পদক্ষেপের কারণে দুই-তিন দিনের মধ্যে মুরগির দাম কমে আসবে। আজ কোম্পানিগুলো আমাদের বলছে- ফিডের দাম বাড়ার কারণে এখন উৎপাদন খরচ বেড়েছে। তবে আমরা এও বলেছি মুরগির দাম কোনোভাবেই ২০০ টাকার বেশি যৌক্তিক নয়। কোনভাবেই ৫০-৬০ টাকা বাড়তি দাম কাম্য নয়।