বুধবার, ০৬ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়ে সৌদির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বা চিকিৎসা নিয়েছেন ১৬ জন বাংলাদেশি। বুধবার (২৯ মার্চ) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম এই ১৬ জনের পরিচয় নিশ্চিত করেন।
আহতদের মধ্যে আবহা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের সালাহউদ্দিন, ভোলার বোরহানউদ্দিনের আল আমিন, লক্ষ্মীপুরের রায়পুরার মিনহাজ, চাঁদপুরের কচুয়ার জুয়েল, মাগুরার শালিকার আফ্রিদি মোল্লা, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের মো. রিয়াজ। এই হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন রানা ও মো. সেলিম।
সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন আছেন কুমিল্লার লাকসামের দেলোয়ার হোসাইন। এই হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন হোসাইন আলী ও মোহাম্মদ কুদ্দুস।
মাহায়েল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন নোয়াখালীর সেনবাগের মোহাম্মদ শাহাবুদ্দিন, কুমিল্লার মুরাদনগরের ইয়ার হোসাইন, কুমিল্লার মুরাদনগরের মো. জাহিদুল ইসলাম, মাগুরার মোহাম্মদপুরের মিজানুর রহমান।
আসির জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন যশোরের মো. মোশাররফ হোসাইন।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা জানান, মক্কাগামী বাসটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৪ জন বাংলাদেশি। দুর্ঘটনায় মোট ২২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি নাগরিক। দুর্ঘটনাকবলিত বাসটিতে বাংলাদেশি যাত্রী ছাড়াও অন্যান্য দেশের ১২ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে পাঁচজনকে মৃত ও সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাদের শনাক্ত করা সম্ভব হয়।
স্থানীয় সময় গত সোমবার (২৭ মার্চ) সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার এলাকায় একটি সেতুতে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে সেটি উল্টে যায় এবং আগুন ধরে যায়। হতাহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন। ব্রেকজনিত সমস্যার কারণে দুর্ঘটনাটি ঘটে।