মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হবে না। আর তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কারো সাথে সংলাপ বা আলোচনায় যাবে না আওয়ামী লীগ।
শুক্রবার (৩১ মার্চ) সকালে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
কামরুল ইসলাম বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে। আন্দোলন করে কোনো লাভ নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।
সাবেক এ মন্ত্রী বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে তখন একটি গোষ্ঠি দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে।
বিএনপি মিথ্যা বলে মানুষকে আন্দোলনে যুক্ত করার চেষ্টা করছে। কিন্তু তাদের মিথ্যাচারে মানুষ বিভ্রান্ত হয় না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি নির্বাচনকে বিতর্কিত করতে এখন থেকেই মাঠে নেমেছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, তারা সংবিধান ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য।
কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হাসনাত মোস্তানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সহসভাপতি শফিউল আজম খান বারকু, সদস্য আনোয়ার হোসেন, রাজিব আহাম্মেদ প্রমুখ।