নগরকণ্ঠ ডেস্ক
- বৃহস্পতিবার ৬ এপ্রিল, ২০২৩ /
রাজধানীর বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে দেশের অগ্নিনিরাপত্তাব্যবস্থার দুর্বলতা প্রমাণিত হয়েছে বলে মনে করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তাঁরা একের পর এক অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন, ক্ষতির পরিমাণ নির্ধারণ ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।
গতকাল বুধবার এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিদাতারা হলেন বাম জোটের সমন্বয়ক ও বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সভাপতি হামিদুল হক।
বিবৃতিতে বলা হয়, একসময় ঢাকা শহরে শতাধিক খাল ও পুকুর ছিল। আজ বেশির ভাগ ডোবা, জলাশয়, খাল, পুকুর ভরাট করে তথাকথিত উন্নয়ন ঘটানো হয়েছে। তাই যখন বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে পানির প্রয়োজন হলো, তখন আশপাশে কোথাও পানি না পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাতিরঝিল এলাকা থেকে পানি এনে আগুন নেভানোর কাজ করতে হয়েছে। এতে অনেক সময় চলে যায় এবং কোটি কোটি টাকার সম্পদের ক্ষতি হয়ে গেল।