নগরকণ্ঠ ডেস্ক
- মঙ্গলবার ১১ এপ্রিল, ২০২৩ /
খাবারে ক্ষতিকর রং, বাসি খাবার সংরক্ষণ, পোকাধরা বেগুন দিয়ে বেগুনি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করায় নগরীর চকবাজারের কাচ্চি ডাইনকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় পাশে থাকা জামান হোটেল ও রেস্টুরেন্টকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার সকালে অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও মো. আনিছুর রহমান অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
একই অভিযানে চকবাজার এলাকার বালি আর্কেডের ব্র্যান্ড এভিনিউতে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস, অনুমোদনবিহীন কসমেটিকস বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মো. আনিছুর রহমান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, খাবারে রং ব্যবহার ও পোকাধরা বেগুন দিয়ে বেগুনি তৈরি করায় কাচ্চি ডাইনকে আড়াই ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে ভোক্তা অধিকার বিরোধী কাজ করবে না মর্মে মুচলেকা দেওয়ায় এক ঘণ্টা পর প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় জামান হোটেলকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে পরিচ্ছন্ন পরিবেশে রান্না ও খাবার পরিবেশন করা হয় সেই বিষয়ে প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন যেকোনো অপরাধে ভোক্তা অধিকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।