বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আমাদের মনের ভেতরের সব ক্লেদ, জীর্ণতা দূর করে উদ্যোমী হওয়ার প্রেরণা দেয় এই দিনটি। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়। পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। এ দিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। রাজধানী এবং দেশব্যাপী চলে বর্ষবরণের নানা আয়োজন। চিরাচরিত্র এই চিত্রের খানিকটা ভাটা পড়েছে কয়েক বছরে। করোনার আসার পর থেকে পহেলা বৈশাখের সেই জৌলুশে ভাটা পড়েছে। ছায়ানটের উদ্যোগে রমনা বটমূলের আয়োজন, মঙ্গল শোভাযাত্রা হলেও উচ্ছ্বাস-উদ্দীপনা যেন অনেকটাই হারিয়ে গেছে। কমে গেছে মঞ্চ অনুষ্ঠান, স্থবিরতা শোবিজ অঙ্গনেও। আজকের পহেলা বৈশাখ নিয়েও নেই তেমন কোনো আয়োজন। টিভি চ্যানেলেও নেই বৈশাখের অনুষ্ঠান। দু/একটি চ্যানেল কিছু অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিলেও তা দায়সারাভাবে। টিভি চ্যানেলগুলো এখন ব্যস্ত ঈদের অনুষ্ঠান নিয়ে। এক সময় বৈশাখ নিয়ে অডিও কোম্পানিগুলো গান প্রকাশ করলেও এবারে তারা নিস্তব্ধ। প্রতিষ্ঠানগুলোও বৈশাখ রেখে শুধু ঈদের কাজ নিয়ে ব্যস্ত।