বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সাভারের মির্জানগর এলাকায় অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পিএইচএ মাঠে তার লাশবাহী গাড়িটি রাখা হলে সারিবদ্ধভাবে সবাই এক নজর দেখে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এ সময় গরিবের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন তার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মী, সাভারের রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
গণস্বাস্থ্যের পাশের এলাকা টাকসুরের বাসিন্দা শরিফ হোসেন বলেন, ছোটবেলা থেকে ডা. জাফরুল্লাহকে দেখে আসছি। তার মতো একজন গুণী মানুষকে হারিয়ে আমরা খুবই ব্যথিত। তাই শেষবারের মতো ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখে তার আত্মার শান্তির জন্য ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছি।
দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যার কারণে চিকিৎসা নিচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। গত মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৮১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সুশীল সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ। দুপুর সাড়ে ১২টার দিকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।