সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, যদিও আমি রাষ্ট্রপতি হয়েছি, কিন্তু নিজেকে আমি এদেশের সাধারণ মানুষ হিসেবে মনে করি। আজ মঙ্গলবার (২৪ এপ্রিল) রাজধানীর নিকুঞ্জে নিজ বাসা ‘রাষ্ট্রপতি লজে’র সামনে দাঁড়িয়ে গণমাধ্যমের কাছে তিনি এ কথা বলেন।
আবদুল হামিদ বলেন, আমি আজকের দিনে পুরো দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশবাসীর দোয়া ছিল, আমার এলাকার মানুষের দোয়া ছিল বলেই আমি দীর্ঘমেয়াদে জনগণকে সেবা দিতে পেরেছি। সেইসঙ্গে প্রধানমন্ত্রী যে আমাকে ফ্রিলি, কোনো প্রকার বাধা ছাড়াই কাজ করার যে সুযোগ দিয়েছেন, তার জন্য আমি তার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এ দেশের মানুষ আমাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ পদে দুই মেয়াদে নির্বাচিত করেছে। আবার রাজনীতি করলে এ দেশের মানুষকে হেয় করা হবে। সেটা আমি করব না।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, আপনারা শুনেছেন- অনেক সময় বলেছি, আমি বন্দি জীবনে আছি। এর থেকে আমি মুক্তি পাচ্ছি। এখন সাধারণ নাগরিক হিসেবে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব। এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে রাষ্ট্রপতি বলেন, আমি আগেও বেশ কয়েকবার বলেছি- আমার বেশিরভাগ থাকার ইচ্ছা হাওরে, ঢাকায়ও থাকতে হবে আবার কিশোরগঞ্জেও থাকতে হবে। তবে সবচেয়ে বেশিসময় থাকার ইচ্ছা হাওরে।
ভবিষ্যতে কোথায় বেশি সময় দেবেন এ প্রসেঙ্গ বিদায়ী রাষ্ট্রপতি বলেন, ‘আমার বেশিরভাগ থাকা হবে হাওর এলাকায়। এছাড়া ঢাকা ও কিশোরগঞ্জেও থাকব।’
রাষ্ট্রপতি বলেন, ‘আমি সারা জীবন রাজনীতি করেছি, দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে। চেষ্টা করেছি আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে যেন এদেশে সুষ্ঠু রাজনীতি প্রবর্তন করা যায়। সেটা সফল হয়েছি এ কথা বলতে পারব না। তবে, আমার চেষ্টার ত্রুটি ছিল না।’
এর আগে আজ দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বঙ্গভবন থেকে বের হন তিনি। গতকাল (২৩ এপ্রিল) রোববার ছিল বঙ্গভবনে আবদুল হামিদের শেষ কার্যদিবস।
বঙ্গভবন থেকে ‘রাষ্ট্রপতি লজে’ পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র ও অন্যান্য সামগ্রী আগেই স্থানান্তর করা হয়েছে। ২০১৩ সালে প্রথমে অস্থায়ী রাষ্ট্রপতি ও পরে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে দুই মেয়াদে কেটেছে ১০ বছরেরও বেশি সময়। নতুন ইতিহাস গড়ে বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে আবদুল হামিদকে।
আজ দুপুরে রাস্তায় ফুলের পাপড়ি ছিটিয়ে বিদায় জানান বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশের ৫২ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রপতির বিদায়ের দিনে এমন সংবর্ধনাপূর্ণ বিদায় আয়োজন করা হয়েছে। এর আগে, কোনো রাষ্ট্রপতিকে নিজেদের আয়োজনে বিদায় জানানোর সুযোগ হয়নি বঙ্গভবনের। এবার সেই সুযোগ পেয়ে কর্মকর্তা ও কর্মচারীরা বিশাল আয়োজনের প্রস্তুতি নিয়েছেন।
বঙ্গভবনের প্রতিটি বিভাগের পক্ষ থেকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা। কিশোরগঞ্জের সন্তান আবদুল হামিদ ২০১৩ সালের মার্চ মাসে অস্থায়ী ও ২৪ এপ্রিল প্রথম দফায় দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে ২১তম রাষ্ট্রপতির দায়িত্ব নেন।