বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
রাজবাড়ীর পাংশায় মিজানুর রহমান (৪৫) নামে এক স্কুলশিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের শ্রী বলাই বিশ্বাসের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান কলিমহর ইউনিয়নের কুষ্টিয়া গ্রামের মো. ইব্রাহীম মণ্ডলের ছেলে। তিনি পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পাশাপাশি হোসেনডাঙ্গা বাজারে সার ও কিটনাশকের ব্যবসা করতেন।
স্থানীয়রা জানায়, মিজানুর রহমানের সার ও কিটনাশকের দোকানে গতকাল রোববার হালখাতা ছিল। হালখাতা শেষে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মিজানুর। পথে হোসেনডাঙ্গা গ্রামের বলাই বিশ্বাসের বাড়ির সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কেন এই হত্যাকাণ্ড সেটা খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।