সোমবার, ২২ Jun ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
কুমিল্লার তিতাস উপজেলার যুবলীগ নেতা জামাল হোসেনকে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের এক সপ্তাহের মধ্যে শনিবার দিনে-রাতে অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ৩ আসামিকে গ্রেফতারসহ উদ্ধার করা হয়েছে দুর্বৃত্তদের ব্যবহৃত ৩টি বোরকা।
রোববার বেলা সাড়ে ১১টায় র্যাব-১১, সিপিসি-২ এর কুমিল্লা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এসব তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল মো. তানভীর মাহমুদ পাশা।
তিনি আরো জানান, হত্যাকাণ্ডের পর থেকে ছায়া তদন্তে মাঠে কাজ করছে র্যাব। র্যাব ঘটনাস্থলসহ আশপাশের বাড়িঘর ও স্থাপনার বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। র্যাবের গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার দিনে-রাতে ঢাকার রায়েরবাগ এলাকা থেকে শাহিনুল ইসলাম ওরফে সোহেল শিকদার (৪০) ও মো. ইসমাইল (৩৬) এবং চট্টগ্রাম থেকে শাহ আলম ওরফে পা কাটা আলমকে (৩৬) গ্রেফতার করা হয়।
এদের মধ্যে শাহিনুল ইসলাম ওরফে সোহেল শিকদার তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান। র্যাব অধিনায়ক লে. কর্ণেল মো. তানভীর মাহমুদ পাশা আরও জানান, এ মামলার এজাহারনামীয় অপর ৬ আসামির মধ্যে সুজন ও আরিফ নেপালে, বাদল দুবাই, শাকিল ভারতে ও অলি হাসান সৌদি আরবে এবং কালা মনির অজ্ঞাত স্থানে পালিয়ে আছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, কিলিং মিশনে অংশ নেয়া বোরকা পরা ৩ দুর্বৃত্তের পরিচয় অনেকটা নিশ্চিত হওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় এখনই বলা যাচ্ছে না। বিদেশে পলাতক আসামিদের গ্রেফতারের বিষয়ে ইণ্টারপোলের সহায়তা নেয়া হচ্ছে।
এর আগে ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজে বোরকা পরা দুর্বৃত্তদের ঘটনাস্থলে আসা ও পালিয়ে যাওয়ার দৃশ্যগুলো এলইডিতে সাংবাদিকদের দেখানো হয়। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন র্যাব ১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন। ঘটনাস্থলের অদূরের একটি ঝোপের মধ্য থেকে দুর্বৃত্তদের ব্যবহার করা তিনটি বোরকা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে দুপুরে দাউদকান্দি মডেল থানার ওসি আলমগীর হোসেন ভূ য়া জানান, হত্যাকাণ্ডে ঘাতকদের ব্যবহৃত গাড়ির চালককে আটক করা হয়েছে। এ নিয়ে অভিযান চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
গত ৩০ এপ্রিল রাত সোয়া আটটার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের বাসিন্দা জামাল হোসেনকে গুলি করে হত্যা করে বোরকা পরা তিন দুর্বৃত্ত। এ ঘটনায় ২ মে রাত সাড়ে ১১টায় দাউদকান্দি থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত থেকে আটজনের নামে নিহতের স্ত্রী পপি আক্তার মামলা দায়ের করেন। নিহত জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছিলেন।