মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধার কবরসহ আশপাশের ভূমি দখলকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলের আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার সকাল নয়টার দিকে বিশনন্দী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য জমির আলী গাজীপুরা কাসেমের পক্ষ নিয়ে এলাকার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বি আর ডিবি চেয়ারম্যান গাজী মো আলাউদ্দিন এর কবর সহ তদসংলগ্ন মাদ্রাসা ও এতিমখানার চার দিকে বাঁশ দিয়ে বেড়া স্থাপন করে। এ নিয়ে গাজী পরিবার ও জমির আলীর পরিবারের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে গাজী পরিবারের পক্ষ থেকে গাজী রনি বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ জমির আলী মেম্বারকে আটক করে থানায় নিয়ে আসে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা ও সমাধিস্থল থেকে বাঁশের বেড়া সরিয়ে নেয়ার শর্তে উভয়পক্ষ লিখিত সম্মতি প্রদান করায় পুলিশ জমির আলী মেম্বারকে ছেড়ে দেয় এবং অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। শর্ত মোতাবেক এ নিয়ে শনিবার বিকেলে গাজীপুরা এলাকায় বিশনন্দী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষের লোকজন ও সম্পত্তির কাগজপত্র নিয়ে শালিসে বসে। শালিসে মিমাংসা না হওয়ায় উভয় পক্ষের তিনজন করে থানায় আসার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হয়।
এদিকে বৈঠক থেকে বের হয়ে জমির আলী মেম্বার ফের প্রয়াত মুক্তিযোদ্ধা গাজী মো. আলাউদ্দিন এর কবর, মাদ্রাসা ও এতিমখানার ভূমি দখল করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নারীসহ ২০ জন আহত হয়। আহতদের মধ্যে বকুল (৪০), পারুল (৪০), মুসা(৩০), আলমগীর পাঠান (৩২), নাঈম পাঠান (২০), ছাব্বির (২০), জাকির হোসেন (৪৫), গাজী শফি (৫০), জামির আলী পাঠান (৫২), মনির হোসেনকে (৩৮) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আশঙ্কাজনক অবস্থার কারণে হযরত আলী (৫০), আল আমিন (৪০), হারুন গাজী (৬৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বীরমুক্তিযোদ্ধা গাজী আলাউদ্দিনের ভাই গাজী মাসুদ জানান, জায়গাটি আমাদের নিজস্ব সম্পত্তি। আমরা দীর্ঘ দিন ধরে ভোগ দখল করে আসছি। তারা আমার ভাইয়ের কবরসহ আমাদের জায়গা দখল করার চেষ্টা চালাচ্ছে। আমরা বাধা দিলে জমির মেম্বারের লোকজন আমাদের উপর হামলা চালায়। জামির মেম্বার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।