রবিবার, ২১ Jun ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
জনপ্রিয় অ্যাপস whatsapp-এর মাধ্যমে এবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্রের তথ্য বিনিময় করবে রিটার্নিং অফিস। রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম জানান, এবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৮০ টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে সিসি ক্যামেরাস্থাপনসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য তাদের মোবাইল ফোন সব সময় সচল রাখার অনুরোধ করা হয়েছে। যাতে তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ রক্ষা করা যায়। এজন্য যাদের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ নাই তাদের অ্যাপসটি ডাউনলোড করে নিতে বলা হয়েছে এবং রিটার্নিং কার্যালয়ের মোবাইল ফোন নম্বরে থাকা whatsapp এর সাথে তার কানেকশন করে নিতে বলা হয়েছে।
কেন্দ্রগুলোর সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ রক্ষা করতে এবার জনপ্রিয় whatsapp ব্যবস্থা চালু করা হলো। এর মাধ্যমে নির্বাচন কমিশনের বিভিন্ন নির্দেশনা ও নোটিশ সহ যাবতীয় তথ্য এবং কেন্দ্রের অফিসারের বিভিন্ন তথ্য বিনিময় করা হবে। এবারের গাজীপুর সিটি নির্বাচন ইভিএম সম্পন্ন হবে। এজন্য প্রতি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ ইভিএম মেশিন থাকবে। এরসঙ্গে থাকবেন পর্যাপ্ত সংখ্যক ট্রাবল শুটিং কর্মকর্তা। কোন মেশিনে সমস্যা দেখা দিলে যাতে তাৎক্ষণিকভাবে তা ত্রুটিমুক্ত করা যায়।
২৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন। এজন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২৪ মে থেকে কেন্দ্রে কেন্দ্রে ইভিএম মেশিন ও সংশ্লিষ্ট সামগ্রী পাঠানো হবে।