বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
ডেঙ্গু সংক্রমণ বাড়ছেই। শুধু চলতি বছরের মে মাসে, আগের ৫ বছরের চেয়ে রোগী শনাক্ত হয়েছে ১১ গুণ। বছরের প্রথম ৫ মাসে এর আগে ডেঙ্গুতে মৃত্যু না হলেও, এবার মারা গেছেন ১৩ জন। রাজধানীর বাইরে এরই মধ্যে এ রোগ ছড়িয়েছে দেশের ৩৯ জেলায়।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, চলতি বছর এ পর্যন্ত শনাক্ত ডেঙ্গু রোগী প্রায় ২ হাজার। একই সময়ে এর আগে কখনো এত রোগী শনাক্ত হয়নি। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ৫ বছরে শুধু মে মাসে শনাক্ত রোগী ৪৬১ জন। আর এ বছরের মে মাসে রোগী প্রায় এক হাজার।
গত পাঁচ বছরে প্রথম ৫ মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা শূন্য। আর চলতি বছর একই সময়ে মারা গেছেন ১৩ জন।
জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন বলেন, সামনের দিনগুলোয় আরও খারাপ পরিস্থিতির শঙ্কা জাগিয়েছে। সংক্রমণ ঠেকাতে সারা দেশে বছরব্যাপী কর্মসূচির বাড়াতে হবে। বিশেষ পদক্ষেপ না নিলে, জুলাই-আগস্টে পরিস্থিতির অবনতি হতে পারে।
জানা গেছে, রাজধানীর মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৬০ জন। এদের বেশিরভাগ যাত্রাবাড়ি এলাকার। ঢাকায় সবচেয়ে বেশি রোগী এই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ঢাকা মেডিকেল ও স্যার সলিমুল্লাহ মেডিকেলেও বাড়ছে রোগীর সংখ্যা। রাজধানীর বাইরে সবচেয়ে বেশি রোগী কক্সবাজারে।