মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের এক সমাবেশে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল এ সময় বলেন, ‘আজকে আমাদের ভোট দেয়ার অধিকার নাই। ২০১৪ সালে আমরা ভোট দিতে পারি নি। ২০১৮ সালেও আমরা ভোট দিতে পারিনি। সামনে আবার নির্বাচন আসছে।
‘সেই নির্বাচন নিয়ে নির্বাচন নির্বাচন খেলা শুরু করেছে আওয়ামী লীগ। কোনো নির্বাচন এদেশে হবে না যদি না সেটা তত্ত্বাবাধায়ক, নিরপেক্ষ সরকারের অধীনে না হয়।’
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দুর্নীতি, শ্রমিক নির্যাতন বন্ধ ও সরকারের পদত্যাগের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা দাবি করেন আওয়ামী লীগের নেতারা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, এসব দুর্নীতির কারণেই নিত্যপন্যসহ সব কিছুর দাম বাড়ছে।
জিনিসপত্রের দাম কমানো, সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের অধিকার নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি নেতারা।
পরে, শ্রমিক দলের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নয়াপল্টন থেকে নাইটঙ্গেল, কাকরাইল, মালিবাগ মোড় হয়ে মগবাজরে গিয়ে শেষ হয়।