মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
গতকাল মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খবর পেয়ে ছুটে আসেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের সিনিয়র নেতারা। সিদ্ধান্ত নেন এবং রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকে দলের নেতাদের কাছে তার অবস্থা জানতে চান।
এদিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। মেডিক্যাল বোর্ডের চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপি প্রধানের ব্যক্তিগত চিকিৎসকরা।
সোমবার (১২ জুন) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দেড়টার দিকে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
সবশেষ গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৮ বছর বয়সী খালেদা জিয়া। পাঁচ দিন পর তিনি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফিরে এসেছিলেন। এক মাসের মধ্যে আবারও তাকে হাসপাতালে ভর্তি হতে হলো।
মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন, সকাল থেকে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার যেসব বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন সেগুলো করা হচ্ছে। চিকিৎসক-নার্স সবার তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।
বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ ও হৃদরোগে ভুগছেন।
২০২১ সালের এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।