বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
চলচ্চিত্র পাইরেসি একটি ভয়াবহ বিষফোঁড়। পাইরেসির কারণে লগ্নিকৃত কোটি কোটি টাকা নিমিষেই জলে ডুবে যায়। সর্বনাশী এই পাইরেসির ছোবলে পড়ে দেশীয় চলচ্চিত্রের অনেক প্রযোজকই সিনেমা ব্যবসা ছেড়ে চলে গেছেন। তবে গত কয়েক জাজ মাল্টিমিডিয়া আসার পর অনেকটাই নিয়ন্ত্রণে আসে পাইরেসি। কিন্তু কয়েক বছর ধরে টুকটাক করে একটি চক্র আবার ঢুকে পড়েছে সিনেমাপাড়ায়। যারা অবৈধভাবে সিনেমা ফাঁস করে প্রযোজককে পথে বসিয়ে নিজেদের পকেট লাল করছে। যে জাজ মাল্টিমিডিয়ার কারণে স্থিতিশীল হয়ে পড়ে পাইরেসি, সেই জাজ মাল্টিমিডিয়ারই একটি সিনেমা পাইরেসির কবলে পড়ে।
গত রোজার ঈদে মুক্তি পাওয়া সজল-পুজা চেরী জুটির প্রথম সিনেমা ‘জ্বীন’ অনলাইনে ফাঁস হয়েছে বলে অভিযোগ তোলে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ভৌতিক এই সিনেমাটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী। সিনেমাটি পাইরেসির অভিযোগে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাজ মাল্টিমিডিয়ার জেনারেল ম্যানেজার মো. আবু বকর। জিডিতে উল্লেখ করা হয়, সিনেমা হল থেকে অবৈধভাবে ‘জ্বীন’ চলচ্চিত্রটি ধারণ করে ‘টি ফর তাসনিয়া’ নামে একটি ফেসবুক পেজ থেকে পাইরেসি করেছে। চলচ্চিত্রটির ধারণকৃত ভিডিও বিভিন্ন খণ্ডিত অংশের হাসি, তামাশা, উসকানিমূলক ও ব্যাঙ্গাত্মক শব্দ ব্যবহার করে কারও প্রচারণায় প্রণোদিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘টি ফর তাসনিয়া’ নামের ফেসবুক পেজে প্রকাশ করে অপপ্রচার চালায়। চলচ্চিত্রটির ভিডিও পাইরেসি এবং কটাক্ষ উক্তি ফেসবুক পেজে প্রচার করায় জাজ মাল্টিমিডিয়া সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছে ও ‘জ্বীন’ চলচ্চিত্রটি বড় অংকের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে পারে বলে ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি করা হলো।