বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
দীর্ঘদিন ধরে সিনেপর্দায় দেখা না গেলেও সম্প্রতি ওটিটির পর্দায় ঠিকই দেখা দিয়েছেন নুসরাত ফারিয়া। ভিডিও স্ট্রিমিং পস্ন্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ভিন্নধারার ছবি ‘পাতালঘর’। নূর ইমরান মিঠু পরিচালিত এই সিনেমায় ফরিয়া অভিনীত ‘বাবলি’ চরিত্রটি দর্শক মহলে সাড়া ফেলেছে। এর আগে এমন সিনেমায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। একেবারেই অন্য রকম চরিত্রে অভিনয় করেছেন তিনি। ফারিয়া বলেন, ‘আমার ঘরানার বাইরের ছবি এটি। আমি যেমন কমার্শিয়াল সিনেমা করি, এটা সে রকম না। পুরোটাই আলাদা। এখানে আমার চরিত্রের নাম বাবলি। অতীতের সম্পর্কগুলো ফিরে এলে বাবলি পর্দার চাকচিক্য পেছনে ফেলে অনাড়ম্বর জীবনের এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়। সেই সঙ্গে মা-মেয়ের সম্পর্কের টানাপড়েন চলতে থাকে। এর মধ্য দিয়ে এগিয়ে যাওয়া। এটা চোখের আরামদায়ক একটা সিনেমা। এ ধরনের কাজে আগে অভিজ্ঞতাও ছিল না। যতটুকু আশা করেছিলাম, তার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। ছবিটি দেখে দর্শক নতুনভাবে চিনেছেন আমাকে।’ ‘পাতালঘর’ প্রেক্ষাগৃহের জন্য নির্মিত হলেও মুক্তি পেয়েছে ওটিটিতে। সিনেমাটি দেশের বাইরে চলচ্চিত্র উৎসবেও গেছে।
রেডিও আরজের মধ্য দিয়ে শোবিজে আগমন ঘটলেও ফারিয়া উপস্থাপক হিসেবে ব্যাপক পরিচিতি পান। এরপর ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় এই নায়িকার। ‘হিরো-৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’, ‘ইন্সপেক্টর নটি কে’ ‘ডিটেকটিভ’ ও ‘শাহেনশাহ’সহ ডজনখানেক সিনেমায় অভিনয়ের ঝলক ছড়িয়েছেন তিনি। ফারিয়াকে অ্যাকশন, নাচ-গানে ভরপুর ছবির নায়িকা হিসেবে সবাই জানেন, চেনেন। কিন্তু হঠাৎ ভিন্ন ধারার ছবি ‘পাতালঘর’-এ আগ্রহী হওয়ার কারণ নিয়ে ফারিয়া বলেন, ‘আস্তে আস্তে আমাদের সিনেমায় পরিবর্তন আসছে। নিজেকে সেই পরিবর্তনের সঙ্গে রাখতে চাই। সব ধরনের কাজের সঙ্গেই থাকতে চাই। গান, অভিনয়, নাচ সবই তো করি। নানা ধরনের কাজের সঙ্গে থাকলে, নানা অভিজ্ঞতা হয়। ফলে সাহস করে যে কোনো চ্যালেঞ্জিং কাজ করা সহজ হয়।’