সোমবার, ২২ Jun ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
গত দুই মাসে রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি সত্ত্বেও বাজারে দাম বেড়েই চলছে। মাত্র তিন দিনের ব্যবধানে খুচরা বাজারে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে চাহিদার তুলনায় সরবরাহ কম এমন অজুহাতে ডিমের হালি বিক্রি হচ্ছে প্রায় ৬০ টাকা দরে। মূলত সরকার কর্তৃক মুরগির উৎপাদন খরচ নির্ধারণ ও উৎপাদন হ্রাসে বাজারে অস্থিরতা বেড়েছে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, পেঁয়াজের পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা তৈরি ও বাজার সিন্ডিকেট রোধসহ সম্প্রতি লোকসানে বন্ধ হওয়া প্রায় ৪০ হাজার লেয়ার ফার্ম উৎপাদনে না ফিরলে সহসা সংকট কাটবে না।
পেঁয়াজ : বছরে দেশে পেঁয়াজের চাহিদা প্রায় ২৮ লাখ মেট্রিক টন। এর বিপরীতে উৎপাদন ৩৫ লাখ মেট্রিক টন। এর পরও বছরে প্রায় ১০ লাখ মেট্রিক টন আমদানি করা হয়। কিন্তু বাজার সিন্ডিকেট ও পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা না থাকায় উৎপাদিত পেঁয়াজের বড় একটা অংশ নষ্ট হয়ে যায়। এই সুযোগ বাজারে সংকট আরও বাড়িয়ে দেয় সিন্ডিকেট। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে নতুন করে আমদানির সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় গত দু’মাসে আমদানি হয়েছে রেকর্ড ৩ লাখ মেট্রিক টনের বেশি পেঁয়াজ। এছাড়া আমদানির অপেক্ষায় রয়েছে নতুন অনুমতি নেওয়া আরও ৮ লাখ মেট্রিক টন। সেই হিসাবে এবার বাজারে চাহিদার দ্বিগুণ পেঁয়াজের সরবরাহ রয়েছে।