রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কার ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খাঁটিহাতা হাইওয়ে থানার এএসআই মনির হোসেন জানান, সোমবার দুপুর ১২ টার দিকে সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে একটি অটোরিকশা যাত্রী নিচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন পুরুষ ও এক শিশু নিহত হয়। আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে আরও একজন মারা যান।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসও বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজনসহ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে দুপুর দেড়টায় জেলা সদর হাসপাতালে আরও একজন মারা যায়।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে জেলার সরাইল উপজেলা বড়ইবাড়ি এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৭) ও একই এলাকার নাজমুল মিয়ার ছেলে জিলানী (৮)। বাকি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কাভার্ড ভ্যানটি আটক করা গেলেও চালককে আটক করা যায়নি বলেও তিনি জানান।