বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
অবশেষে বরগুনা-ঢাকা নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এতদিন চলাচল করা একমাত্র লঞ্চ এমকে শিপিং লাইনস তাদের সেবা বন্ধ করে দিয়েছে। যাত্রী সংকটের কারণে ক্রমাগত লোকসানের মুখে থাকা লঞ্চ তাদের সেবা প্রদান বন্ধ করেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২২ আগস্ট) থেকে ঢাকা-বরগুনা রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এমকে শিপিং লাইনসের বরগুনা নৌ বন্দরের ব্যবস্থাপক মো. এনায়েত হোসেন বলেন, যাত্রী সংকটের কারণে আজ মঙ্গলবার (২২ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-বরগুনা নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।
তিনি বলেন, প্রথমে ঢাকা-বরগুনা নৌপথে প্রতিদিন দুটি লঞ্চ চলাচল করত। যাত্রী সংকটের কারণে আমরা একটি লঞ্চ চালানোর সিদ্ধান্ত নিই। কিন্তু এখন আর সেটিও চালানো সম্ভব হচ্ছে না। কারণ কোম্পানি কতদিন লোকসান গুনবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় দিনের পর দিন আমরা লোকসান গুনেছি। কিন্তু এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই নিরুপায় হয়ে লাগাতার লোকসান এড়ানোর জন্যই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করায় এ রুটে চলাচলরত যাত্রীদের দুর্ভোগ বাড়বে বলে জানান স্থানীয়রা। এই রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বদলে গেছে এই ঘাটের চিত্র। নীরব নিস্তব্ধ হয়ে গেছে ঘাট এলাকা। তাছাড়া ব্যবসায়ীদের পণ্য পরিবহনে খরচ বাড়ায় স্থানীয় বাজারে পণ্যের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে।