বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
বস্তাপচা গল্প, মানহীন চরিত্র, সিনিয়র শিল্পীদের অসম্মান এবং সিন্ডিকেটের কবলে টিভি নাটক, এরকম বেশকিছু কারণে অভিমানে অভিনয় থেকে অনেকটাই দূরে ছিলেন ছোট পর্দার আলোকিত মডেল অভিনেত্রী তারিন জাহান। বছরে দু-একটি নাটকে অভিনয় করলেও ছিলেন না আলোচনায়। তবে অভিনয়ের জলুস ধরে রেখেছেন আগের মতোই। নির্মাতাদের কাছে তার চাহিদাও অনেক। দর্শক তাকে বারবার পর্দায় খুঁজলেও সেভাবে পাননি। এবার সেই আড়াল ভেঙে নিজেকে জানান দিচ্ছেন তারিন।
ফিরছেন স্বদর্পে। অভিমানের পর্দা সরিয়ে উঁকি দিচ্ছে তারিনের অভিনয়ের ঝলক। চলতি বছরে একাধিক কাজের মাধ্যমে সাড়া ফেলেছেন এই অভিনেত্রী। এরমধ্যে অন্যতম রুপালি পর্দায় ছড়িয়ে পড়েছে তারিনের মুগ্ধতা। ১৮ আগস্ট দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সরকারি অনুদানে হৃদি হক পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন একঝাঁক তারকাশিল্পী।
তাদের মধ্যে অন্যতম তারিন জাহান। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকের অনেকে সিনেমায় সুবিধা করতে না পারলেও তারিন এখানে নিজেকে প্রমাণ করেছেন। তার অভিনয় প্রশংসা কুড়াচ্ছে।
সিনেমাটি প্রসঙ্গে তারিন বলেন, ‘এ সিনেমা নিয়ে অনুভূতিটা সুখকর। মুক্তির পর থেকে ছবিটি নিয়ে ভালো প্রশংসা পাচ্ছি। এ ছবিতে আলাদা কোনো নায়ক-নায়িকা নেই। ১৯৭১ সালের পটভূমি-ই ছবির নায়ক। এ ছবিতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে গুণী শিল্পীরা অভিনয় করেছেন। আমার বিপরীতে আছেন লিটু আনাম। ছবিতে বাংলাদেশ ব্লকের মানুষের মতো পাকিস্তান ব্লকের চরিত্রের গল্পও আছে। আমি পাকিস্তান ব্লকের একটি চরিত্রে অভিনয় করেছি। দর্শকরা এমন চরিত্রে আমাকে এর আগে কখনো দেখেননি। এ ছবিতে প্রেম-ভালোবাসার পাশাপাশি আছে পারিবারিক গল্প। মুক্তিযুদ্ধের সময় যারা স্বাধীনতাবিরোধী ছিল তাদের জীবনযাত্রাও উঠে এসেছে গল্পে।’