রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অনেক দেশ চায়, এদেশে এমন সরকার আসুক যারা তাদের পদলেহন করবে।’
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থার কারণে অনেক দেশ চায়, এদেশে এমন সরকার আসুক যারা তাদের পদলেহন করবে।
ইউক্রেনের অবস্থা দেখেন। সেখানে নারী ও শিশুদের কী অবস্থা?’ বাংলাদেশের নির্বাচন নিয়ে নানা বক্তব্য দেওয়া পশ্চিমা বিভিন্ন দেশকে বিএনপির ‘প্রভু’ আখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘তাদের আবার কিছু প্রভু আছে, তারা আবার একই সঙ্গে সুর মেলায়।
বাংলাদেশে এখন নাকি একেবারে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতেই হবে। আমার প্রশ্ন সেইসব লোকের কাছে বা সেই সব দেশের কাছে যারা এখন শুধু গণতন্ত্র খুঁজে বেড়ায় বাংলাদেশে, যখন জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে মার্শাল ল জারি করে ক্ষমতা দখল করেছিল বা যখন এরশাদ মার্শাল ল জারি করে ক্ষমতা দখল করেছিল, আমরা যখন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কই তাদের তো সেই চেতনা দেখি নাই। তখন তো তাদের কথা শুনিনি।’
জিয়াউর রহমান ও এরশাদের আমলের নির্বাচনের কথা স্মরণ করে আওয়ামী লীগ প্রধান বলেন, ‘জিয়াউর রহমানের তিনটা আর বিএনপির চারটা নির্বাচন। অর্থাৎ হ্যাঁ না ভোট, ’৭৭ সালে রাষ্ট্রপতি নির্বাচন, ’৭৯ সালে দিল সংসদ নির্বাচন আবার ’৮১ সালে জিয়ার মৃত্যুর পর তখনো বিএনপি ক্ষমতায়, ছাত্তার সাহেবকে প্রার্থী করা হয়েছিল। এইসব নির্বাচনে কীভাবে ভোট কারচুপি করে সেটা তো আমরা দেখেছি। আজকে যারা বাংলাদেশে টর্চলাইট দিয়ে নির্বাচন খুঁজছেন, তাদের দৃষ্টিশক্তি কোথায় ছিল?’
তিনি বলেন, ‘৮৬ সালে আমরা নির্বাচনে গেলাম। ৪৮ ঘণ্টা পর রেজাল্ট দিল। তখন তো তাদের সোচ্চার দেখিনি। বরং মিলিটারি ডিক্টেটরদের কেন আমরা সমর্থন দেই না, সেই কথাই তারা আমাদের বলেছে। আমরা কেন সমর্থন দেব? আইয়ুব খান থেকে জিয়া, এদের বিরুদ্ধে আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে এনেছি।’