শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

গাদার টু: অধরা থাকছে ৫০০ কোটি রুপি আয়ের স্বপ্ন!

বক্স অফিসে ‘গাদার টু’র গতি ধীরে হয়ে এসেছে। কাঙ্ক্ষিত ৫০০ কোটি রুপির ক্লাব অধরাই থাকছে বুঝি বলিউড সিনেমাটির। চতুর্থ শুক্রবারের আয়ের নিরিখে এ পূর্বাভাস দিল হিন্দুস্তান টাইমস।

২০০১ সালে মুক্তি পাওয়া সানি দেওল ও আমিশা প্যাটেলের ‘গাদার: এক প্রেম কথা’র সিক্যুয়েল এতটা সাড়া ফেলবে ভাবা যায়নি আগে। কিন্তু রজনীকান্তের ‘জেলার’, অক্ষয় কুমারের ‘ওএমজি টু’র সঙ্গে ফাইট দিয়ে এগিয়ে গেছে। ধারণা করা হচ্ছিল, দেশীয় বক্স অফিসে অচিরে প্রভাসের ‘বাহুবলি টু’ ও শাহরুখ খানের ‘পাঠান’কে টপকে যাবে।

প্রতিবেদনে বলা হয়, চতুর্থ শুক্রবারে এসে এক ধাক্কায় অনেকটাই কমল আয়। এদিন মাত্র চার কোটি ৩০ লাখ রুপি আয় করেছে। যা মুক্তির পর দৈনিক আয়ে সর্বনিম্ন অঙ্ক।

চতুর্থ শুক্রবার মিলিয়ে আয় দাঁড়িয়েছে ৪৮৬ কোটি ৭৫ লাখ রুপি। প্রশ্ন উঠেছে, তাহলে কি ৫০০ কোটি অধরাই থেকে যাবে। তবে আজ শনিবার ও সাপ্তাহিক ছুটির দিন রোববার দর্শক বাড়লে পৌঁছে যেতে পারে এ লক্ষ্যে। উঠে আসবে ৫০০ কোটি আয়ের তৃতীয় হিন্দি ছবির তালিকায়। এর আগে রয়েছে পাঠান ও বাহুবলী টু।

বক্স অফিস বিশ্লেষকরা মনে করছেন, শাহরুখ খানের ‘জাওয়ান’ আসা পর্যন্ত ব্যবসা করবে ‘গাদার টু’। আর ৭ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পেলে দ্রুত ভেঙেও যেতে পারে সানি দেওলের অনেক রেকর্ড।

গতকাল শুরু হয়েছে ‘জাওয়ান’-এর প্রিবুকিং। ২৪ ঘণ্টা পেরোনোর আগেই লাখ লাখ টিকিট বিক্রি হয়েছে। টিকিট প্রতি দাম উঠেছে আড়াই হাজার রুপির কাছাকাছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com