বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
মুক্তির পঞ্চমদিন গতকাল সোমবারও (১১ সেপ্টেম্বর) উপচে পড়া ভিড় দেখল ‘জওয়ান’। আর এদিন চলতি বছরের বলিউড বক্স অফিসের নিরিখে তৃতীয় সিনেমা হিসেবে সম্মানজনক ৩০০ কোটি রুপি ক্লাবে পা রাখে। খবর হিন্দুস্তান টাইমস।
গত ৭ সেপ্টেম্বর মুক্তি পায় জওয়ান। তারপর থেকে পুরো ভারতে চলছে উৎসবের আমেজ, যা ছড়িয়ে দেশে অন্য অনেক দেশেও।
সাধারণত উইক ডে’তে সিনেমার আয় লক্ষণীয়ভাবে কমে যায়। তবে সোমবারে এসেও কিন্তু ‘জওয়ান’-এ ততটা ভাটা পড়েনি। বরং অ্যাটলির অ্যাকশন ড্রামাটি হেসে-খেলে ৩০ কোটি রুপি আয় করে নিয়েছে।
প্রথম দিনে ‘জওয়ান’ হিসাবের খাতা খোলে ৭৫ কোটি দিয়ে। বলিউডে এটিই সবচেয়ে বড় ওপেনিং। পরদিন শুক্রবারে আয়ের অঙ্ক ছিল ৫৩ কোটি ২৩ লাখ রুপি। শনিবার ও রোববার যথাক্রমে ৭৭ কোটি ৮৩ লাখ ও ৮০ কোটি ১০ লাখ রুপি। আর সোমবারে তুলল ৩০ কোটি রুপি। সব মিলিয়ে মাত্র পাঁচ দিনেই পেরিয়ে গেল ৩০০ কোটির ঘর।
২০২৩ সালে মাত্র দুটি বলিউড ছবিই পার করতে পেরেছে ৩০০ কোটি রুপির ঘর। যার মধ্যে আগে রয়েছে শাহরুখের আগের ছবি ‘পাঠান’। তারপর ‘গাদার টু’। আশা করা হচ্ছে, মোট আয়ের নিরিখেও ছবি দুটিকে শিগগিরিই পেছনে ফেলে দেব ‘জওয়ান’।
এ ছবিতে কিং খান ছাড়া অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেথুপতি। রয়েছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার ও রিদ্ধি ডোগরা। বিশেষ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত।