সোমবার, ২২ Jun ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আগামী ২৮ অক্টোবর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন। এ লক্ষ্যে টানেলের দুই প্রান্তে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। উদ্বোধনের পরদিন ২৯ অক্টোবর থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে টানেল উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় তিনি এসব তথ্য জানান। এতে সভাপতিত্ব করেন সচিব মো. মনজুর হোসেন। চট্টগ্রাম জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সেতু সচিব বলেন, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই প্রথম এ টানেল।
এটির উদ্বোধনের মধ্য দিয়ে ইতিহাসের অংশ হচ্ছে চট্টগ্রাম। টানেল পার হতে সবাইকে টোল দিতে হবে। শুধু যারা জরুরি কাজে থাকবে তারাই এ টোলের আওতামুক্ত হবে। টানেল পরিচালনার জন্য একটি বিদেশি প্রতিষ্ঠানকে পাঁচ বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। টানেলের মধ্যে জনসাধারণের জন্য নির্দেশনা ব্যবস্থা থাকবে এবং সেখানে আটটি রেডিও চ্যানেলে স্বয়ংক্রিয়ভাবে নির্দেশনাগুলো চলতে থাকবে। টানেলের ভেতর যেই ফ্রিকোয়েন্সি থাকুক না কেন, গাড়ি যতক্ষণ টানেলে থাকবে ততক্ষণ স্বয়ংক্রিয়ভাবে এ দিকনির্দেশনা চলবে।
তিনি বলেন, টানেলে প্রতি ঘণ্টায় যানবাহন চলাচল করবে ৮০ কিলোমিটার বেগে। নিরাপত্তায় দুই পাশে থাকবে পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিস স্টেশন।
মনজুর হোসেন বলেন, কর্ণফুলী নদীর তলদেশে টানেল উদ্বোধনের মধ্যে দিয়ে আনোয়ারা উপজেলা ওয়ান সিটি টু টাউন হচ্ছে। প্রসারিত হচ্ছে পর্যটন, শিল্প-কারখানা, উন্নত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।
প্রকল্পের পরিচালক হারুন উর রশিদ বলেন, যানবাহন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত টানেল। নিরাপত্তা নিয়ে খুঁটিনাটি বিষয় দেখা হচ্ছে। পুরো প্রকল্পের অগ্রগতি ৯৮ দশমিক ৫০ শতাংশ। ডিসেম্বরের মধ্যে পুরো কাজ শেষ করতে পারব বলে আশা করছি।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম ডিআইজি নূরে আলম মিনা, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী প্রমুখ।