মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
টলিউড থেকে বলিউডে পাড়ি দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। প্রসেনজিৎ থেকে জিৎ, ঋতুপর্ণা থেকে স্বস্তিকা-বলিউডে ক্যারিয়ারের নতুন দিগন্ত খুঁজে পেতে এগিয়েছেন টলিউডের বেশ কিছু তারকা। এবার সেই তালিকায় নাম লেখালেন দেব।
আসছে পূজায় অর্থাৎ ১৯ অক্টোবর বাংলা ও হিন্দিতে একসঙ্গে মুক্তি পেতে চলেছে দেবের ‘বাঘা যতীন’ সিনেমা। তার আগেই মঙ্গলবার দেবের সঙ্গে দেখা গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খেরকে। তবে ঠিক কী কারণে এই দেব-অনুপম সাক্ষাৎ, তা অবশ্য জানা যায়নি।
দেবের সঙ্গে দুটি ছবি পোস্ট করে বর্ষীয়ান এ অভিনেতা লেখেন, ‘বাংলার অভিনেতাদের মধ্যে আমার অন্যতম পছন্দের অভিনেতা দেব। তার সঙ্গে দেখা হওয়ায় আনন্দিত।’
সিনেমাটির জন্য শুভেচ্ছা জানিয়ে অনুপম খের লেখেন, ‘আগামী ছবি বাঘা যতীনের জন্য দেব ও তার টিমকে শুভেচ্ছা। এটা হিন্দিতেও মুক্তি পাচ্ছে।’
প্রসঙ্গত, অরুণ রায় পরিচালিত ‘বাঘা যতীন’ ছবিতে দেবের বেশ কয়েকটি লুক প্রশংসিত হয়েছে। প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলারও। ১৯ অক্টোবর একই সঙ্গে বাংলা ও হিন্দিতে মুক্তি পাচ্ছে ছবিটি। এতে দেব ছাড়া আরও রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, রোহন ভট্টাচার্য, শোয়েব কবীর, সৃজলা দত্ত প্রমুখ।