বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

যা হয়েছে তার জন্য ক্ষমাপ্রার্থী: ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের হয়ে কাজ করা এক ব্যক্তিকে হাউস অফ কমন্সে প্রশংসা করায় ক্ষমা চেয়েছেন। ট্রুডো বলেন, তার ভুল হয়ে গেছে। এ ঘটনার জন্য তিনি খুবই বিব্রত বোধ করছেন।

হাউস অফ কমন্সে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সামনেই স্পিকার অ্যান্থনি রোটা এই প্রশংসা করেন। ট্রুডো জানিয়েছেন, তিনি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কিয়েভ ও জেনেলস্কির সঙ্গে যোগাযোগ করেছেন ও ক্ষমা চেয়েছেন।

হাউস অফ কমন্সের স্পিকার সাবেক নাৎসি সেনাকে ‘হিরো’ বলে সম্বোধন করেছিলেন। এ ঘটনার পর মঙ্গলবার স্পিকার অ্যান্থনি রোটা পদত্যাগ করেছেন। তিনি বলেছেন, যা হয়েছে তার জন্য তিনি একাই দায়ী।

রোটা যার প্রশংসা করেছিলেন, তার নাম ইয়োস্লাভ হুনকা। তার বয়স ৯৮ বছর। তিনি পোল্যান্ডে জন্মগ্রহণ করা ইউক্রেনের মানুষ। হিটলারের এসএস বাহিনীতে তিনি ছিলেন। পরে তিনি কানাডায় চলে আসেন। খবর ডয়চে ভেলে ও আল জাজিরার।

এ ঘটনার পর রাশিয়া আবার জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের অন্যতম কারণ হলো সেই দেশকে নাৎসিদের কবল থেকে মুক্ত করা। কিন্তু ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো তা মানতে চায় না। ট্রুডো বলেছেন, এই সব কথা বলে রশিয়া কখনও তাদের আগ্রাসনকে ঠিক বলে প্রমাণ করতে পারবে না।

ট্রুডো বুধবার বলেন, পার্লামেন্টে সকলের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। গত শুক্রবার প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের সামনে যা হয়েছে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। এই ব্যক্তি কে ছিলেন তা না জেনে শ্রদ্ধা জানানো একটি ভয়াবহ ভুল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com