শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
ভারতের কাছে সেমিফাইনালে বড় ব্যবধানে হেরে এশিয়ান গেমস থেকে দেশকে প্রথম স্বর্ণপদক এনে দেওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের। শুক্রবার সকালে তারা ম্যাচটি হেরেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।
হ্যাংজুর ঝেজিয়াং ইউনিভার্সিটি ক্রিকেট মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে সেভাবে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ তিন অঙ্কে নিতে ব্যর্থ হয় তারা। ৯ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ৯৬ রান। কেবল তিনজন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারে বাংলাদেশের। জাকের আলী অপরাজিত থাকেব সর্বোচ্চ ২৪ রানে। ওপেনার পারভেজ হোসেন করেন ২৩ রান। এছাড়া টেল এন্ডার রাকিবুল হাসান খেলেন ১৪ রানের ইনিংস। বাকীরা ব্যস্ত থেকেছেন সাজঘরে আসা-যাওয়ায়। ভারতের সাই কিশোর ১২ রানে ৩ এবং ওয়াশিংটন সুন্দর ১৫ রানে নেন ২ উইকেট।
স্বল্প পুঁজি নিয়ে ভারতের শক্তিশালী ব্যাটিং অর্ডারে ধস নামাতে পারেননি বাংলাদেশেরর বোলাররা। মাত্র ১ উইকেট হারিয়ে ৬৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত। ওপেনার ইয়াসাসভি জাসওয়ালকে প্রথম ওভারে ফিরিয়ে দিয়েছিলেন রিপন মন্ডল। তবে শুরুর সেই চাপটা ধরে রাখা যায়নি। অপর ওপেনার রুতুরাজ গায়কোয়াডকে নিয়ে সহজেই দলকে লক্ষ্যে পৌঁছে দেন ২৬ বলে ৫৫ রান করা। তিলক ভার্মা। গায়কোয়াড ২৬ বল খেলে ৪০ রানে থাকেন অপরাজিত। তাতে প্রথমবার এশিয়াডের ক্রিকেটে অংশ নিয়েই তারা পৌঁছে যায় ফাইনালে।
সোনার স্বপ্ন শেষ হয়ে যাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পদকের ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে হতে যাওয়া অপর সেমিফাইনালের বিজিত দলের। ম্যাচটি শুরু হবে কিছুক্ষণ বাদেই।
২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে প্রথম যুক্ত হয়েছিল ক্রিকেট। সেবার সোনা জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। তবে ৪ বছর পর ইনচনে সেরা হতে পারেনি তারা। সেবার জিতেছিল ব্রোঞ্জ। ২০১৮ এশিয়াডে ক্রিকেট ছিল না। এবার ফেরায় বাংলাদেশ স্বপ্ন দেখেছিল স্বর্ণপদক জয়ের। তবে ভারতের কাছে হারে এই প্রস্থে হয়তো সর্বোচ্চ পদক ছাড়াই দেশে ফিরতে হিবে বাংলাদেশের বিশাল বহরকে।