বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে হামলা: মামলায় আসামি অজ্ঞাত ৫০০

রোববার গভীর রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন সংগঠনের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী। রাতেই পুলিশ মহসিন আহমেদ ওরফে শিপন (৩৫) ও নূর হোসেন ওরফে স্বপন (৪০) নামের দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার দুজনই যুবলীগের কর্মী বলে জানা গেছে।

সোমবার দুপুরে কোতোয়ালি মডেল থানার ওসি আহাম্মদ সনজুর মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে নিয়ে মুন্সিগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লবের ‘সাম্প্রদায়িক গালিগালাজ’, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের ‘মদমুক্ত পূজা’ বলে মন্তব্য, কুড়িগ্রামের চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা এবং বিভিন্ন স্থানে পূজার প্রাক্কালে মন্দিরে হামলা ও ভাঙচুরের অভিযোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সকাল সাড়ে ১১টার দিকে নজরুল এভিনিউ এলাকায় ওই মিছিলে হামলা করা হয়। হামলায় ঐক্য পরিষদের ৪ জন কর্মী আহত হন।

মামলার এজাহারে হামলাকারীদের নাম উল্লেখ করা হয়নি। তবে হামলাকারীরা ছাত্রলীগ ও যুবলীগের ব্যানার ব্যবহার ও স্লোগান দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী তাপস কুমার বকসী বলেন, ‘মিছিলে প্রকাশ্যে হামলা চালানো হয়। অনেকেই হামলার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। মামলার এজাহারে কারোর নাম না থাকলেও পুলিশ ইচ্ছে করলে জড়িতদের গ্রেপ্তার করতে পারে। আমাদের সংগঠনের কেন্দ্রীয় নেতারা গতকাল (রোববার) ডিসি-এসপির সঙ্গে দেখা করেছেন। তারাও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোর্শেদ বলেন, ঘটনার ভিডিও ফুটেজ দেখে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com