সোমবার, ২২ Jun ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
তিন বছরের জন্য এমভি জেমিনির সমুদ্রে ভাসার কথা ছিল আগামী ১ নভেম্বর। কিন্তু ইস্তাম্বুল থেকে সফরের জন্য যথা সময়ে প্রমোদ তরীটিকে প্রস্তুত করতে পারেনি লাইফ অ্যাট সি ক্রুজেস। স্বভাবতই যাত্রা পেছাতে বাধ্য হয়েছে তারা। খবর সিএনএন।
দুনিয়াবাসীকে যাযাবর জীবনের স্বাদ দিতে চায় লাইফ অ্যাট সি ক্রুজেস। কিন্তু শুরুতে বিলম্ব হওয়ায় টিকিটের অর্থ ফেরত চাইছেন অনেকেই।
জাহাজে উঠার বন্দরও পাল্টে গেছে এর মধ্যে। ইস্তাম্বুল থেকে তিন ঘণ্টা ফ্লাইট দুরত্বের আমস্টারডামে যাত্রা করবে জাহাজ। লাইফ অ্যাট সি ক্রুজেস জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১১ নভেম্বর আমরা তিন বছরের জন্য পাল তুলব।
তবে কোন প্রমোদ তরী ভাসবে তা এখনো স্পষ্ট করতে পারেনি সংস্থাটি। শুধু বলছে, নির্ধারিত জাহাজটির মালিকানা পেতে তাদের সময় লাগছে।
জাহাজ ক্রয়ে চূড়ান্ত তহবিল হস্তান্তরে আরো এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানান সংস্থার কর্মকর্তারা। দুই সপ্তাহ আগেও একই উত্তর দিয়েছিলেন তারা।
কিছু যাত্রী লাইফ অ্যাট সি ক্রুজেসের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন, তারা এখন এক ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছেন।
যাত্রা বাতিলের শঙ্কায় সময় পার করছেন কেউ কেউ। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক যাত্রী জানিয়েছে, আমি এক সঙ্গে দুঃখিত ও গর্বিত, কেননা আমি আশ্চর্যজনক এক অ্যাডভেঞ্চারের জন্য টাকা জমা দিয়েছি। এখন যাত্রা না হলে টাকাটা ফেরত পেলেই বাঁচি।
লাইফ অ্যাট সি ক্রুজেস জানিয়েছিল, সাত মহাদেশের ১৩৫টি দেশের ৩৭৫টি বন্দর পড়বে যাত্রা পথে। রিও ডি জেনিরোর ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি বা ভারতের তাজমহল থেকে মেক্সিকোর চিচেন ইতজা, গিজার পিরামিড, মাচু পিচু ও চীনের গ্রেট ওয়াল পর্যন্ত দর্শনীয় স্থান থাকবে দৃষ্টিসীমায়। ১০৩টি ক্রান্তীয় দ্বীপ থাকছে রুটে। আর ৩৭৫টি বন্দরের মধ্যে ২০৮টিতে বিরতি নেবে।
লাইফ অ্যাট সি ক্রুজেস হলো মিরে ক্রুজের একটি শাখা। তাদের রয়েছে এই শিল্পে ৩০ বছরের অভিজ্ঞতা। ফলে সেবা নিয়ে টেনশন ছিল না আগ্রহীদের।
বলা হয়েছিল, এ জাহাজ থেকে রিমোট অফিস করতে পারবেন যাত্রীরা। মিটিং রুম, ১৪টি অফিস, একটি বিজনেস লাইব্রেরি ও একটি লাউঞ্জসহ সম্পূর্ণ বিজনেস সেন্টারের সুবিধা পাওয়া যাবে। থাকছে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ সার্বক্ষণিক হাসপাতাল।
লাইফ অ্যাট সি ক্রুজেসের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল প্যাটারসন বলেন, পেশাদারদের কাজের জন্য সব ধরনের যোগাযোগ ও সুযোগ-সুবিধা রয়েছে। যা অন্য কোনো ক্রুজে নেই।
বছরে জনপ্রতি ২৯ হাজার ৯৯৯ ডলার থেকে রুম ভাড়া শুরু, এই কক্ষের আয়তন ১৩ বর্গফুট। দুজনের জন্য তিন বছরের খরচ হবে এক লাখ ৭৯ হাজার ৯৯৪ ডলার। ব্যালকনি স্যুটের আকার দ্বিগুণ ও জনপ্রতি খরচ এক লাখ নয় হাজার ৯৯৯ ডলার। আউটডোর কেবিনে জনপ্রতি ৩৬ হাজার ৯৯৯ ডলার।
আরো বলা হয়েছিল, যাত্রীদের অবশ্যই তিন বছরের জন্য নিবন্ধন করতে হবে। কোম্পানিটি একটি ম্যাচমেকিং স্কিম চালু করছে, যেখানে যাত্রীরা অন্য কারো সঙ্গে কেবিন শেয়ার করতে পারবেন। যেমন; দুই দম্পতি পুরো ভ্রমণের জন্য একটি কেবিন কিনতে পারবেন। পথে এক দম্পতি নেমে গেলে অন্যরা উঠতে পারবেন।
ক্রুজ শিপে থাকবে আরাম-আয়াশের যাবতীয় সুবিধা। সানডেক, সুইমিং পুল, ওয়েলনেস সেন্টার, অডিটোরিয়াম ও মাল্টিপল ডাইনিং। তবে এখনো বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি। নাচ ও সঙ্গীত শেখানোর ব্যবস্থা থাকবে। থাকবে জিম ও সেলুন।
এই ভ্রমণে ব্রাজিলে বড়দিন ও আর্জেন্টিনায় কাটবে নববর্ষ। জাহাজটি দক্ষিণ আমেরিকার চারপাশে (অ্যান্টার্কটিকার দিকে), ক্যারিবিয়ানের চারপাশে দ্বীপ ও মধ্য আমেরিকার দুই উপকূল, তারপর উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে হয়ে হাওয়াই অতিক্রম করবে।
এশিয়ার যাত্রাবিরতিতে আছে ১২টি বন্দর। জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে আসবে দক্ষিণ-পূর্ব এশিয়ায়। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কায় আসবে। তারপর আফ্রিকার পশ্চিমে যাওয়ার আগে মালদ্বীপ, জাঞ্জিবার ছুঁয়ে যাবে। আফ্রিকার পশ্চিম উপকূল ঘুরে পশ্চিমে সেন্ট হেলেনা, ক্যানারিসহ অন্যান্য দ্বীপ ঘুরে আসবে। ভূমধ্যসাগর ও উত্তর ইউরোপের চারপাশ ঘুরবে।