শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
দুই দলের লড়াই হলো জমজমাট। চলল আক্রমণ-পাল্টা আক্রমণ। কিন্তু শেষ পর্যন্ত রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা রিয়াল মাদ্রিদ ও সেভিয়ার ম্যাচটি ১-১ গোলে ড্র হলো।
সেভিয়ার মাঠে শনিবার লা লিগার ম্যাচটিতে দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ডাভিড আলাবার আত্মঘাতী গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন দানি কারভাহাল। লিগে টানা তিন জয়ের পর পয়েন্ট হারাল কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের তৃতীয় মিনিটেই দুরূহ কোণ থেকে সেভিয়ার জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন ফেদে ভালভেরদে। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ২৪তম মিনিটে দারুণ সুযোগ কাজে লাগাতে পারেননি ভিনিসিউস জুনিয়র। ৩৪তম মিনিটে সেভিয়াকে বাঁচান রিয়ালের সাবেক অধিনায়ক সের্হিও রামোস।
খানিক পর রামোসের হাতের আঘাতে পড়ে যান জুড বেলিংহ্যাম। এই ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ান রিয়াল ডিফেন্ডার আন্টোনিও রুডিগার ও রামোস। দুই দলের অন্য খেলোয়াড়রা শান্ত করেন দুজনকে। ৭৮তম মিনিটে আলাবার আত্মঘাতী গোলে এগিয়ে যায় সেভিয়া। মার্কোস আকুনার ক্রস বক্সে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে পাঠান অস্ট্রিয়ান ডিফেন্ডার। স্বাগতিকদের আনন্দ যদিও বেশিক্ষণ থাকেনি। চার মিনিট পরই সমতা ফেরান কারভাহাল। ডান দিক থেকে ক্রুসের ফ্রি-কিকে হেডে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ডিফেন্ডার।