বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের বিকাশের সঙ্গে স্বাস্থ্যসেবা খাতে এর ব্যবহারে ঝুঁকছে অনেকেই। চিকিৎসকদের নোট বা প্রেসক্রিপশন তৈরি থেকে শুরু করে রোগীদের তথ্য নথিবদ্ধ, বিশ্লেষণসহ বিভিন্ন কাজে এআইয়ের ব্যবহার স্বাস্থ্যসেবাকে সহজ করেছে। তবে স্ট্যানফোর্ড স্কুল অব মেডিসিনের সাম্প্রতিক এক গবেষণায় সতর্ক করা হয়েছে, ইন্টারনেটভিত্তিক প্রশিক্ষিত এআই মডেল চ্যাটবটগুলোয় ভুল তথ্য সরবরাহের আশঙ্কা রয়েছে। খবর দ্য হিন্দু।
যদিও কিছু বিশ্লেষক যুক্তি দেখিয়েছেন চিকিৎসা খাতের পেশাদাররা নির্দিষ্ট চিকিৎসার জন্য চ্যাটবটের ওপর নির্ভর করে না। তবে গবেষণায় উল্লেখ করা হয়েছে স্বাস্থ্যসেবায় জড়িতদের অনেকেই তাদের দৈনন্দিন কাজে চ্যাটবট ব্যবহার করছেন। ভুল তথ্য ছড়িয়ে দেয়া এড়াতে স্বাস্থ্যসেবায় এআই মডেলগুলোকে আরো নির্ভুল করে গড়ে তুলতে হবে বলেও জানানো হয়েছে। চ্যাটবটগুলোর নির্মাতা ও উন্নয়নকারী প্রতিষ্ঠান ওপেনএআই, গুগলসহ অধিকাংশই তাদের মডেলগুলোয় পক্ষপাত কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিষ্ঠানগুলো জানায়, চ্যাটবটগুলো পেশাদার চিকিৎসার বিকল্প হিসেবে গ্রহণ করা উচিত হবে না।
গবেষণাটি স্বাস্থ্যসেবায় এআইয়ের নৈতিক ব্যবহার বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। এআই মডেলগুলো চিকিৎসকদের কাজে সহায়তা করার সম্ভাবনা রয়েছে। তবে তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভুল তথ্য ও পক্ষপাতের ঝুঁকিও বহন করছে, যা কমিয়ে আনা খুব জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই এআই মডেলগুলোর নির্ভুলতা, ন্যায্যতা এবং নৈতিক ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে পক্ষপাত ও ভুল তথ্যের স্থায়িত্ব রোধের ব্যবস্থা করা অপরিহার্য।
বর্তমানে বিভিন্ন স্বাস্থ্যসেবা সরবরাহকারীরা এআই চ্যাটবটের সম্ভাবনা নিয়ে কাজ করছে। তাই বাস্তবিক কাজে ব্যবহারের জন্য এআই মডেলগুলোর তথ্য যাচাই ও উচ্চমান নিশ্চিত করা জরুরি হয়ে উঠেছে।
গবেষণাটি সবাইকে আবারো মনে করিয়ে দিয়েছে স্বাস্থ্যসেবায় এআই প্রযুক্তি সতর্কতার সঙ্গে ব্যবহার করা উচিত।