বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
বিশ্বকাপের এবারের আসরে ভারত খেলছে দুর্দান্ত। এমনভাবে প্রতিটি ম্যাচ জিতেছে যেন তারা অপ্রতিরোধ্য। টানা ৬ ম্যাচে অপরাজিত দল ভারত। কোনো ম্যাচে তেমন হারের শঙ্কাও তৈরি হয়নি স্বাগতিকদের। গতকাল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ১০০ রানে জয় তুলে নেয় ভারত। তবে স্বাগতিক ভারতীয় দলকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল টুর্নামেন্টে এখন পর্যন্ত ধুঁকতে থাকা ইংল্যান্ড।
রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের ব্যাটের বিপর্যয় সামাল দিয়ে ২৩০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় ভারত। জবাবে ১২৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। টানা ছয় ম্যাচে জিতে ১২ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো রোহিত শর্মার দল।
ঘরের মাঠে চলমান ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন বিরাট কোহলি। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে হাসলো না তার ব্যাট। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন ভারতের তারকা ব্যাটসম্যান।
৯ বল খেলে শূন্য রানে ড্রেসিং রুমে ফিরেছেন কোহলি। প্রথম রানের জন্য হাঁসফাঁস করতে থাকা ব্যাটসম্যান ডেভিড উইলিকে তেড়েফুঁড়ে খেলতে যান। কিন্তু ব্যাট-বলে সংযোগ ঠিকমতো করতে পারেননি তিনি। মিড-অফে সহজ ক্যাচ মুঠোয় জমান বেন স্টোকস। বিশ্বকাপে ৩২ ইনিংসে এবারই প্রথম শূন্য রানে ফিরলেন বিরাট কোহলি। অন্যদিকে আশা জাগিয়েও সেঞ্চুরি ছুঁতে পারলেন না অধিনায়ক রোহিত শর্মা।
লখনৌয়ে রোববার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন মন্দ হয়নি ভারতের। প্রথম ৪ ওভারে ২৬ রান তোলে ভারতীয়রা। তবে চতুর্থ ওভারের শেষ বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন শুভমান গিল। সপ্তম ওভারে ডেভিড উইলি ফেরান বিরাট কোহলিকে। ৯ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন কোহলি।
শ্রেয়াস আইয়ারও আউট হয়েছেন দ্রুত। ১৬ বলে ৪ রান করে ওকসের শিকার হয়ে ফেরেন তিনি। ৪০ রানে ৩ উইকেট হারানোর পর ভারতকে টেনে নিয়ে যান রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। দুজনে মিলে গড়েন ৯১ রানের জুটি। ৩৯ রান করে রাহুল আউট হওয়ার পর রোহিত আউট হন দলীয় ১৬৪ রানে। এরপর আবারও ছন্দপতন ঘটে। রবীন্দ্র জাদেজা এবং মোহাম্মদ শামি ফেরেন দ্রুত সময়ের ব্যবধানে। শেষদিকে হাল ধরেন সূর্যকুমার। তবে ২০০ পার করার পর তিনিও আউট হন নিজের ভুলেই। ৪৭ বলে ৪৯ রান করেন তিনি। জাসপ্রীত বুমরাহ এবং কুলদীপ যাদবের ২১ রানের জুটিতে ২২৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ভারত। ইংলিশদের হয়ে ৩টি উইকেট নিয়েছেন ডেভিড উইলি। ওকস এবং আদিল রশিদ পেয়েছেন দুটি করে। একটি উইকেট গেছে মার্ক উডের ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোর ভারত : ৫০ ওভারে ২২৯/৯ (রোহিত শর্মা ৮৭, শুবমান গিল ৯, বিরাট কোহলি ০, শ্রেয়াস আইয়ার ৪, লোকেশ রাহুল ৩৯, সূর্যকুমার ৪৯, রবীন্দ্র জাদেজা ৮, মোহাম্মদ সামী ১, জসপ্রীত ১৬*, কুলদীপ ৯; ডেভিড উইলি ৩/৪৫, ক্রিস ওকস ২/৩৩, আদিল রশিদ ২/৩৫, মার্ক উড ১/৪৬, মঈন আলী ০/৩৭, লিয়াম ০/২৯)।
ইংল্যান্ড : ৩৪.৫ ওভার ১২৯ (জনি বেয়ারস্টো ১৪, ডেভিড মালান ১৬, জো রুট ০, বেন স্টোকস ০, জস বাটলার ১০, মঈন আলী ১৫, লিয়াম ২৭, ক্রিস ওকস ১০, ডেভিড উইলি ১৬, আদিল রশিদ ১৩, মার্ক উড ০: জসপ্রীত ৩/৩২, সিরাজ ০/৩৩, মোহাম্মদ সামী ৪/২২, কুলদীপ ২/২৪, রবীন্দ্র ১/১৬)।
ফল : ভারত ১০০ রানে জয়ী।
ম্যাচসেরা : রোহিত শর্মা।