রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২৩’ অনুষ্ঠানের স্পেশাল ক্যাটাগরি ‘আইকনিক বিজনেস লিডার’-এর সম্মাননায় ভূষিত হয়েছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল। গতকাল শনিবার (১১ নভেম্বর) রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মুহাম্মদ এ. (রুমী) আলী।
বাংলাদেশের অর্থ ও বাণিজ্য খাতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মানার্থে এবারই প্রথম ‘আইকনিক বিজনেস লিডার’ ক্যাটাগরি যুক্ত করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ৫৪টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। তাদের পণ্যসামগ্রীর তালিকায় রয়েছে ড্রিংকিং ওয়াটার, ভোজ্যতেল, আটা, ময়দা, সুজি, চিনি, গুঁড়াদুধ, কনডেন্সড মিল্ক, লবণ, চা, মসলা ইত্যাদি। এর বাইরে বিল্ডিং ম্যাটেরিয়াল, কেমিক্যাল, শিপিং, পাল্প অ্যান্ড পেপার, অর্থনৈতিক অঞ্চলসহ অনেক বড় বড় খাত ও ভারী শিল্পে বিনিয়োগ রয়েছে।
বাংলাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ পিভিসি ও পিইটি রেজিন তৈরির শিল্পকারখানা মেঘনা পিভিসি লিমিটেডের পণ্য রফতানিও শুরু করেছে এমজিআই। এছাড়া খাদ্যপণ্য, রাসায়নিক, ভোজ্যতেল, প্রাণিখাদ্য, সিমেন্ট ও ব্যাগ রফতানি করছে। বিশ্বের ৩৫টিরও বেশি দেশে রফতানি হচ্ছে এমজিআই-এর পণ্য। এ শিল্পগোষ্ঠীতে রয়েছে ৫০ হাজারেরও বেশি কর্মীর বাহিনী। – সংবাদ বিজ্ঞপ্তি