রবিবার, ২১ Jun ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
দেশে নিম্ন আয়ের মানুষকে স্বল্পমূল্যে বিভিন্ন পণ্য তুলে দিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে কেনা হবে ৬ হাজার মেট্রিক টন মসুর ডাল। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান।
সাঈদ মাহমুদ খান আরও জানান, এর জন্য দরপত্র আহ্বান করা হলে দুটি সরবরাহকারী প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। প্রতি লিটার সয়াবিন তেলের দাপ্তরিক দাম ধরা হয় ১৬৬.২২ টাকা। এর মধ্যে সিটি এডিবল অয়েল লিমিটেড প্রতি লিটারের দাম ১৫৪.২৯ টাকা এবং সুপার অয়েল রিফাইনারি লিমিটেড প্রতি লিটারের দাম ১৫৫.০৫ টাকা উল্লেখ করে।
এদিকে সয়াবিন তেলের পাশাপাশি ৬ হাজার মেট্রিক টন মসুর ডালও কিনবে সরকার। ডাল কেনা বাবদ সরকারের খরচ হবে ৫৯ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের জন্য ৩০ হাজার টন টিএসপি ও ৪০ হাজার টন ডিএপি সার কেনা হবে মরক্কো থেকে। ক্রয় কমিটির সভায় মোট ১৫ টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।